Sunny Leone: চারবার ব্যর্থতার পর মাতৃত্ব জয়, সানি লিওনের স্পষ্ট স্বীকারোক্তি

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বর্তমানে সানি লিওন তিন সন্তানের মা—নিশা, নোয়া ও অ্যাশর। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যতই বিতর্ক বা মতভেদ চলুক না কেন, তার মাতৃত্বকে সবসময় শ্রদ্ধা জানানো হয়। অনেকেই বলেন, কেরিয়ার সামলানোর পাশাপাশি মা হিসেবে দায়িত্ব পালনে তিনি যথেষ্ট সফল। তবে এত সহজে এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়নি। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে সানি লিওন নিজের মাতৃত্বের অভিজ্ঞতা খোলাখুলি ভাগ করে নেন।সানি জানান, তিনি কখনও প্রাকৃতিকভাবে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করেননি।

আরও পড়ুন: Dev Subhashree : দেশু জুটিতে ফাটল! দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, টলিউডে তুঙ্গে বিতর্ক

২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করার সময়ও তাদের মাথায় সন্তান নেওয়ার ভাবনা ছিল, তবে তিনি গর্ভধারণ করতে চাননি। বরং তার স্বপ্ন ছিল, একদিন সন্তান দত্তক নেবেন। এ কারণে সানি ও ড্যানিয়েল দু’জনেই নিজেদের শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষণ করে রাখেন, যাতে ভবিষ্যতে সন্তান নিতে চান, সেই সুযোগ থাকে। অভিনেত্রীর কথায়, তার সংরক্ষিত ডিম্বাণুর মধ্যে থেকে সম্ভাবনা ছিল চার কন্যাসন্তান ও দুই পুত্রসন্তানের জন্মের। প্রথম সন্তান মেয়ে হবে, এমনই ইচ্ছে ছিল সানি–ড্যানিয়েলের। কিন্তু টানা চারবার চেষ্টার পরেও ব্যর্থ হতে হয় তাদের। সব কন্যা ভ্রূণ নষ্ট হয়ে যায়।

শেষ পর্যন্ত হাতে থাকে কেবল দুই পুত্র ভ্রূণ। এই ধাক্কা তাঁদের ভেতর থেকে ভেঙে দিয়েছিল, তবে কাউকে কিছু জানাননি। কষ্টটা একে অপরের সঙ্গেই ভাগ করে নিয়েছিলেন।এই সময়ে তারা সন্তান দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করেন। পাশাপাশি সারোগেসির মাধ্যমে দুই যমজ পুত্রসন্তান পৃথিবীতে আনার চেষ্টা চলতে থাকে।

দত্তক নেওয়ার আইনি প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় তারা ভেবেছিলেন সময় লাগবে। কিন্তু ভাগ্যের লিখন আলাদা ছিল। কন্যা নিশাকে যখন দত্তক নিয়ে ঘরে আনেন, তখনই জানতে পারেন অল্প সময়ের মধ্যেই সারোগেসির মাধ্যমে জন্ম নিচ্ছে তাদের দুই ছেলে।

হঠাৎ করেই ঘরে এলো তিন সন্তান—নিশা, নোয়া আর অ্যাশর। তখনই সানি ও ড্যানিয়েল সিদ্ধান্ত নেন, তিনজনকেই সমান ভালোবাসা ও মনোযোগ দেবেন। সেখান থেকেই তাদের জীবনে শুরু হয় নতুন অধ্যায়।আজ সানি লিওন গর্বের সঙ্গে বলেন, জীবনের সেরা সিদ্ধান্ত ছিল মা হওয়া। সন্তানরা তার পৃথিবীকে পরিপূর্ণ করেছে, আর তিনি কৃতজ্ঞ যে ড্যানিয়েলের সঙ্গে মিলে এমন সুন্দর এক পরিবার গড়ে তুলতে পেরেছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole