নিউজ পোল ব্যুরো: বিনোদন দুনিয়ায় যখন একের পর এক সম্পর্ক ভাঙনের খবর শিরোনাম দখল করছে, ঠিক তখনই আশার আলো দেখালেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় (Riya Gangopadhyay)ও অরিন্দম চক্রবর্তী (Arindam Chakraborty)। দীর্ঘদিনের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর প্রকাশ্য বিতণ্ডার পর অবশেষে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিলেন এই তারকা দম্পতি। একসময় তাদের দাম্পত্য কলহ আর পাঁচিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সোশাল মিডিয়ায় (Social Media) প্রকাশ্যেই শুরু হয়েছিল তীব্র কাদা ছোড়াছুঁড়ি, যার সাক্ষী ছিল গোটা টেলিপাড়া। আইনি লড়াই, আলাদা থাকা, দুই সন্তানকে নিয়ে নতুন জীবন গড়ার চেষ্টা—সব মিলিয়ে এক কঠিন অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন রিয়া (Riya Gangopadhyay)। সেই সময় অভিনেত্রীর নানা মন্তব্য ও অভিযোগ বারবার শিরোনামে উঠে এসেছিল। অনেকেই ভেবেছিলেন, এই সম্পর্ক বুঝি আর কোনওদিনই আগের জায়গায় ফিরবে না।
কিন্তু সময় যে বড় চিকিৎসক, সেটাই আবার প্রমাণ করলেন রিয়া (Riya Gangopadhyay) ও অরিন্দম (Arindam Chakraborty)। নিজেদের বিবাহবার্ষিকীর দিন সোশাল মিডিয়ায় (Social Media) একটি আবেগঘন পোস্ট করে রিয়া জানান তাদের মিলনের কথা। স্বামী অরিন্দমকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “না, হাত ছেড়ে যেতে পারিনি আর এই জীবনেও যাব না। সাত জনম ধরে একে অপরকে জ্বালাবো, আবার আগলেও রাখবো। আজ আমাদের বিয়ের জন্মদিন। ১২ বছর একসঙ্গে পথচলা। অনেক খারাপ কথা ও অন্যায় সামাজিকভাবে করেছি। প্লিজ ক্ষমা করে দিও।” তার এই পোস্টেই ছিল নতুন শুরুর স্পষ্ট বার্তা। পোস্টে আরও আবেগ ঢেলে রিয়া লেখেন, “আজ শুধু এইটুকুই চাই—ভালো থেকো, সুস্থ থেকো আর হাতটা শক্ত করে ধরে রেখো। বাকিটা ঈশ্বর সামলে নেবেন। শুভ বিবাহবার্ষিকী পতিদেব। সব কিছু ভুলে নতুন করে পথ চলা শুরু হোক।” রিয়ার এই কথাতেই স্পষ্ট, অতীতের সমস্ত অভিমান ও ভুল বোঝাবুঝিকে পেছনে ফেলে তারা আবার একে অপরের দিকে হাত বাড়িয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, সম্পর্কের অবনতি হলেও শ্বশুরবাড়ির প্রতি নিজের দায়িত্ব কখনও এড়িয়ে যাননি রিয়া (Riya Gangopadhyay)। দূরত্বের মাঝেও দায়িত্ববোধ বজায় ছিল তার। আর এবার সব কিছুর ঊর্ধ্বে উঠে দু’জনেই বেছে নিলেন ক্ষমা আর নতুন করে একসঙ্গে বাঁচার পথ। বিনোদন জগতের ভাঙনের ভিরে দাঁড়িয়ে তাদের এই মিলন নিঃসন্দেহে অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে থাকল।
