Bhadreswar Municipality: প্লাস্টিক জমা দিলেই মিলবে বিনামূল্যে খাবার! ভদ্রেশ্বর পুরসভার অভিনব পরিবেশবান্ধব উদ্যোগ

প্রযুক্তি রাজ্য

নিউজ পোল ব্যুরো: প্লাস্টিক দূষণে যখন সারা দেশ বিপর্যস্ত, তখন পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ল হুগলির ভদ্রেশ্বর পুরসভা (Bhadreswar Municipality)। অভিনব এই উদ্যোগে বর্জ্য প্লাস্টিক জমা দিলেই মিলছে খাবার—তাও সম্পূর্ণ বিনামূল্যে মা ক্যান্টিন (Ma Canteen) থেকে। ইতিমধ্যেই এই প্রকল্প ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষ যদি এক কেজি বর্জ্য প্লাস্টিক জমা দেন, তবে তাদের দেওয়া হবে দু’টি খাবারের কুপন। দু’কেজি প্লাস্টিক দিলে মিলবে পাঁচটি খাবারের কুপন। এই কুপন দেখালেই ভদ্রেশ্বর পালবাগানে (Bhadreswar Municipality) পুরসভার লজে অবস্থিত মা ক্যান্টিন (Ma Canteen) থেকে পাওয়া যাচ্ছে পরিপূর্ণ খাবার—ডিম, ভাত এবং সোয়াবিনের তরকারি। সাধারণত যা পাঁচ টাকায় দেওয়া হয়, সেই খাবার এবার মিলছে একেবারে বিনামূল্যে।

আরও পড়ুন : Gut Brain Connection : পেট ঠিক থাকলেই মনের শান্তি! হার্ভার্ডের গবেষণায় প্রকাশিত গাট-ব্রেইন সম্পর্ক

স্থানীয় বাসিন্দা গোপাল কর্মকার জানালেন, শহর পরিষ্কার রাখতে এটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ। তার কথায়, “আমরা যারা নিয়মিত মা ক্যান্টিনে (Ma Canteen) খাবার খাই, তাদের পক্ষে এই সুবিধা খুবই উপকারী। প্লাস্টিক জমা দিলেই বিনা পয়সায় খাবার পাওয়া যাচ্ছে—এর থেকে ভালো উদ্যোগ আর কী হতে পারে!” একই মত প্রকাশ করেছেন বিমল রায়ও। তিনি দুই কেজি প্লাস্টিক জমা দিয়ে পাঁচটি কুপন পেয়েছেন। তার মতে, “টাকা না থাকলেও এবার খাবারের ব্যবস্থা হচ্ছে, আবার পরিবেশও পরিষ্কার থাকবে—এটাই সবচেয়ে বড় কথা।” ভদ্রেশ্বর পুরসভার (Bhadreswar Municipality) চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী জানান, গত তিন বছর ধরে মা ক্যান্টিনের মাধ্যমে গৃহহীন ও অসহায় মানুষকে নিয়মিত বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে। এবার তার সঙ্গে যুক্ত হল প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে খাবার দেওয়ার বিশেষ প্রকল্প। তার মতে, “এটি শুধু খাবার দেওয়ার প্রকল্প নয়, এটি শহরকে দূষণমুক্ত করার একটি সামাজিক আন্দোলন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ভদ্রেশ্বরে (Bhadreswar Municipality) জুটমিল কলোনি ও একাধিক বস্তি এলাকায় দীর্ঘদিন ধরেই প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলার প্রবণতা রয়েছে। নিত্য আবর্জনা পরিষ্কার হলেও অনেক সময় প্লাস্টিক জমে থাকে নর্দমা ও রাস্তায়। সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই পুরসভার এই উদ্যোগ। পরিবেশ রক্ষা ও খাদ্য সুরক্ষা—এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে একসূত্রে বেঁধে ভদ্রেশ্বর পুরসভার (Bhadreswar Municipality) এই পদক্ষেপ আগামী দিনে অন্য শহরগুলির কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।