নিউজ পোল ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) প্রভাব কাটতে না কাটতেই ফের শীতের দাপট বাড়তে চলেছে বাংলায়। কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) তাপমাত্রা সামান্য বেড়েছিল ঠিকই, তবে উত্তুরে হাওয়ার দাপটে সেই উষ্ণতার প্রভাব কার্যত মিলিয়ে গিয়েছে। সকাল থেকেই কলকাতা (Kolkata) সহ একাধিক জেলায় উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বইছে, যার জেরে পারদ কিছুটা বাড়লেও শীতের কাঁপুনি একেবারেই কমেনি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, এই মুহূর্তে শীতের প্রকোপ অব্যাহত থাকবে এবং আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও বদলাতে চলেছে। আজ থেকে পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। নতুন সপ্তাহ শুরু হতেই ফের পারদ পতনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে।আবহাওয়াবিদদের মতে, পুরো সপ্তাহ জুড়েই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি কম থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে শীত (Cold Wave) আরও জাঁকিয়ে বসতে চলেছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া সহ একাধিক জেলায় দিনের শুরুতে আকাশ মেঘলা থাকায় ঠান্ডার অনুভূতি আরও বেড়েছে। যদিও আপাতত দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই (Weather Update)। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা (Dense Fog) দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গের (North Bengal Weather Update) পরিস্থিতি আরও কঠিন হতে চলেছে। সেখানে ইতিমধ্যেই হাড় হিম করা ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস। দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন কুয়াশার কড়া সতর্কতা জারি করা হয়েছে (North Bengal Weather Update)। অন্যান্য জেলাগুলিতেও কুয়াশার প্রভাব থাকবে। সব মিলিয়ে আগামী কয়েক দিন জুড়েই রাজ্যজুড়ে শীতের দাপট আরও বাড়বে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা
