UTS App : লোকাল ট্রেনের টিকিট কাটায় বড় বদল! UTS-এর জায়গায় আসছে RailOne অ্যাপ, জানুন কী কী সুবিধা মিলবে

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: সময়ের সঙ্গে তাল মিলিয়ে রেলযাত্রীদের অভ্যাসেও এসেছে বড় পরিবর্তন। একসময় লোকাল ট্রেন ধরার আগে স্টেশনের টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়ানো ছিল নিত্যদিনের ছবি। এখন সেই ঝক্কি অনেকটাই কমিয়েছে প্রযুক্তি। বিশেষ করে রেলের UTS অ্যাপ বহু বছর ধরে লোকাল ট্রেনযাত্রীদের কাছে ভরসার নাম হয়ে উঠেছে। ঘরে বসে বা স্টেশন চত্বরে দাঁড়িয়েই এক ক্লিকে টিকিট কাটা, মান্থলি পাস বুকিং, পেপারলেস টিকিট—সবই সম্ভব ছিল এই অ্যাপে (RailOne App)। ফলে সময় যেমন বাঁচত, তেমনই টিকিট হারানোর ভয়ও থাকত না। কিন্তু সম্প্রতি UTS অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ। কারণ, যারা নিয়মিত এই অ্যাপের মাধ্যমে মান্থলি টিকিট কাটতেন, তারা হঠাৎ করেই লক্ষ্য করছেন—আর মান্থলি বুক করার অপশন দেখা যাচ্ছে না। প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো সাময়িক কোনও যান্ত্রিক সমস্যা। কিন্তু পরে একটি বিজ্ঞপ্তি সামনে আসতেই বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে।

আরও পড়ুন : Desun Hospital : পূর্ব ভারতে প্রথমবার! ডিসান হসপিটালে ‘এন্ডোভাসকুলার রিপেয়ার’ পদ্ধতিতে অসম্ভবকে সম্ভব করল কলকাতা

ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে UTS অ্যাপ আর কাজ নাও করতে পারে। তার বদলে রেল চালু করতে চলেছে একটি নতুন অ্যাপ—RailOne। সেই কারণেই আগেভাগে UTS-এ মান্থলি বুকিং বন্ধ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে যাদের ইতিমধ্যেই UTS অ্যাপে মান্থলি পাস রয়েছে, তাদের জন্য স্বস্তির খবর হল—সেই পাস নতুন RailOne অ্যাপে ট্রান্সফার করার সুবিধা রাখা হচ্ছে। জানা যাচ্ছে, RailOne অ্যাপ ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে উপলব্ধ। UTS ব্যবহারকারীরা তাদের পুরনো লগইন তথ্য ব্যবহার করেই এই নতুন অ্যাপে প্রবেশ করতে পারবেন। শুধু লোকাল ট্রেনের টিকিট বা মান্থলি পাস নয়, RailOne অ্যাপে মিলবে ট্রেনের লাইভ লোকেশন, PNR Status, ট্রেনের সময়সূচি সহ রেল সংক্রান্ত প্রায় সব পরিষেবা। অর্থাৎ একাধিক অ্যাপের ঝামেলা কমিয়ে, একটি প্ল্যাটফর্মেই সব সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়েই এই নতুন অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে এখানেই শেষ নয়। আদৌ UTS অ্যাপ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, পূর্ব রেলের এক সিনিয়র ডিআরও জানিয়েছেন—এই বিষয়ে শনিবার পর্যন্ত তাদের কাছে কোনও আনুষ্ঠানিক নির্দেশ বা তথ্য পৌঁছয়নি। ফলে আপাতত যাত্রীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, নতুন অ্যাপ ঘিরে প্রত্যাশাও কম নয়।