নিউজ পোল ব্যুরো: কর্মসূত্রে বা পড়াশোনার কারণে আজ বহু মানুষই বাড়ি থেকে অনেক দূরে একা জীবনযাপন করছেন। কেউ ভিনরাজ্যে কর্মরত, কেউ আবার বিদেশে। আবার এমনও দেখা যায়, অল্প বয়সেই পড়াশোনার তাগিদে পরিবার ছেড়ে আলাদা থাকতে হচ্ছে অনেককে। অন্যদিকে, শহর বা গ্রামে বাড়িতে একা থাকেন বহু প্রবীণ মানুষও। এই একা থাকার জীবন সহজ নয়—এর লড়াইটা আলাদা, নিঃশব্দ এবং অনেক সময় ভীষণ কঠিন।
আরও পড়ুন:WhatsApp: হোয়াটসঅ্যাপ প্রোফাইলে বড় বদল, কভার ফটো ফিচার আনছে মেটা
একাকী মানুষদের দৈনন্দিন জীবনে নানা ধরনের ঝুঁকি থাকে। অসুস্থতা, দুর্ঘটনা বা মানসিক সমস্যার সময় পাশে পরিবার বা বন্ধুবান্ধব না থাকলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠতে পারে। বহু ক্ষেত্রেই দেখা যায়, কোনও বিপদে পড়লেও পরিবারের সদস্যরা বা ঘনিষ্ঠরা তা সময়মতো জানতে পারেন না। দেরিতে খবর পৌঁছনোর কারণে কখনও কখনও পরিণতিও হয় মারাত্মক। এই ধরনের সমস্যার কথা মাথায় রেখেই এক অভিনব সমাধান নিয়ে এসেছে অ্যাপল-সংক্রান্ত একটি নতুন উদ্যোগ—‘Sileme’ নামের একটি বিশেষ অ্যাপ। ‘Sileme’ শব্দটি চিনা ভাষা থেকে নেওয়া, যার অর্থ অনেকটাই চমকে দেওয়ার মতো—‘Are You Dead?’। নাম নিয়ে বিতর্ক থাকলেও, অ্যাপটির উদ্দেশ্য অত্যন্ত মানবিক ও বাস্তবমুখী।
এই অ্যাপটি মূলত একা থাকা মানুষদের সুরক্ষার কথা ভেবেই তৈরি। অ্যাপটি খুললে দেখা যায় একটি বড় সবুজ বৃত্ত। নির্দিষ্ট সময় অন্তর ব্যবহারকারীকে ওই বৃত্তে ট্যাপ করে জানাতে হয় যে তিনি নিরাপদ ও সুস্থ আছেন। এটিই মূলত ‘চেক-ইন’ ব্যবস্থা। যদি কোনও ব্যবহারকারী টানা দুই দিন এই চেক-ইন না করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে একটি সতর্কবার্তা পৌঁছে যায় তাঁর মনোনীত ঘনিষ্ঠদের কাছে। বার্তায় জানানো হয়, সংশ্লিষ্ট ব্যক্তি হয়তো কোনও সমস্যায় পড়েছেন। বর্তমানে এই অ্যাপটি শুধুমাত্র চিনের বাসিন্দাদের জন্য উপলব্ধ। ইতিমধ্যেই প্রায় সাড়ে বারো হাজার মানুষ এটি ব্যবহার শুরু করেছেন। তবে এটি বিনামূল্যের অ্যাপ নয়—ভারতীয় মুদ্রায় এর মূল্য প্রায় ১০৩ টাকা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই অভিনব অ্যাপটির নেপথ্যে রয়েছেন তিনজন তরুণ উদ্যোক্তা, যাঁদের জন্ম ১৯৯৫ সালে। অ্যাপটি ভাইরাল হওয়ার পর নির্মাতারা জানিয়েছেন, ভবিষ্যতে এতে আরও উন্নত ফিচার যোগ করা হবে, বিশেষ করে প্রবীণদের কথা মাথায় রেখে। যদিও অ্যাপের নাম নিয়ে বিতর্ক রয়েছে—অনেকে মনে করছেন ‘Are You Dead?’-এর বদলে ‘Are You Alive?’ বা ‘Are You Okay?’ নামটি আরও ইতিবাচক হতে পারত—তবুও একাকী মানুষের নিরাপত্তার প্রশ্নে এই অ্যাপ নতুন আশার আলো দেখাচ্ছে।
