নিউজ পোল ব্যুরো: পুরুলিয়ার (Purulia) সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি স্পষ্ট ভাষায় জানান, পুরুলিয়ার নয়টি বিধানসভা আসনেই তৃণমূলকে জয়ী করতে হবে। তাঁর কণ্ঠে ধ্বনিত হয় স্লোগান “আমার মাটি সইবে না, ইউপি-বিহার হইবে না।”
বুধবার লালমাটির জেলা পুরুলিয়ায় আয়োজিত রণসংকল্প সভা থেকে অভিষেক (Abhishek Banerjee) বলেন, বিজেপির (BJP) শাসনে বাংলা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার শিকার। তাঁর দাবি, শুধুমাত্র পুরুলিয়া জেলারই প্রায় ৬৮০ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। সেই অর্থ মুক্ত হলে জেলায় আরও বহু উন্নয়নমূলক কাজ সম্ভব হতো।
একশো দিনের কাজের বকেয়া এবং এসআইআর ইস্যুতে রাজ্যের অবস্থান তুলে ধরে অভিষেক জানান, তৃণমূল সরকার এই দুই ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল এবং আদালত রাজ্যের পক্ষেই রায় দিয়েছে। তাঁর মতে, এটি বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার মানুষের জয়। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “বিজেপির মধ্যে আবর্জনা জমে আছে। সেগুলো আলসারের মতো ক্যানসারে পরিণত হবে।” একই সঙ্গে ঘোষণা করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ৫০টির বেশি আসন জিততে দেওয়া হবে না।
লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে অভিষেক স্পষ্ট করে বলেন, এটি কোনও অনুদান নয়, বরং বাংলার মহিলাদের ন্যায্য অধিকার। রাজ্য সরকার প্রতি বছর এই প্রকল্পে প্রায় ২৭ হাজার কোটি টাকা খরচ করছে বলেও তিনি উল্লেখ করেন। পুরুলিয়ার রেল সমস্যার কথাও এদিন উঠে আসে সভায়। অভিষেক জানান, নির্বাচনের ফল ঘোষণার তিন মাসের মধ্যেই পুরুলিয়া থেকে ২০ জন প্রতিনিধিকে নিয়ে রেলমন্ত্রকের কাছে যাবে তৃণমূল এবং জেলার রেল সংক্রান্ত দাবিগুলি নিয়ে লড়াই করবে দল।
সবশেষে সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা, তৃণমূলের কোনও স্থানীয় নেতার আচরণে কেউ ক্ষুব্ধ হলে সরাসরি তাঁকে ফোন করে জানাতে পারেন, কিন্তু সেই কারণে দল থেকে মুখ ফেরাবেন না। অভিষেকের (Abhishek Banerjee) কথায়, “বিজেপির সব কিছু আছে, শুধু মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিছু না থাকলেও মানুষের সমর্থনটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
