নিউজ পোল ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক অঙ্গন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুর সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এবারের সফরে তিনি বড় কোনও জনসভা করবেন না। বরং এলাকার ক্ষতিগ্রস্ত ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করে তাঁদের সমস্যার কথা শুনবেন এবং পাশে থাকার আশ্বাস দেবেন।
রাজনৈতিক মহলের মতে, এর আগেও বিভিন্ন সময়ে মানুষের সমস্যার মুহূর্তে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অভিষেক। ভোটার তালিকা নিয়ে বিতর্কের সময়ও তিনি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এবারও সেই ধারা বজায় রেখেই বিষ্ণুপুরে যাচ্ছেন তিনি। তাঁর সফরকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এক বছর আগে বাঁকুড়ার বিষ্ণুপুরের বড় কাছারি সংলগ্ন জাগ্রত শিবমন্দির এলাকার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুনে মন্দির লাগোয়া বহু দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত বহু ব্যবসায়ীর জীবিকা বড় সংকটে পড়ে। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলি নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই দোকানগুলি পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। রবিবার সেই নতুন দোকানগুলির চাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নিজে তুলে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে আবার নতুন করে ব্যবসা শুরু করার সুযোগ পাবেন দোকানদারেরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এদিকে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি এই সভার রাজনৈতিক গুরুত্বও রয়েছে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে মোদির বক্তব্যের দিকে নজর রাখছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, এই সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করতে পারেন তিনি। এমনকি বড় কোনও রাজনৈতিক বার্তাও দিতে পারেন বলে জল্পনা রয়েছে। তার পরদিন বিষ্ণুপুর সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দেন কি না, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।
