Abhishek Banerjee: অম্রুত প্রকল্পে ঘরে ঘরে পরিশ্রুত জল, ডায়মন্ড হারবারে বড় উদ্যোগ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভা এলাকায় শীঘ্রই শুরু হতে চলেছে অম্রুত প্রকল্পের আওতায় নতুন পানীয় জল সরবরাহ ব্যবস্থা। এই প্রকল্প কার্যকর হলে শহরের বাসিন্দারা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন পানীয় জল পরিষেবা পাবেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। গোটা প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৭৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee : ভোটের আগে বড় ঘোষণা মমতার, মুন্ডা-ডোম-সদগোপ সহ ৫ সম্প্রদায়ের জন্য নতুন উন্নয়ন বোর্ড গঠনের উদ্যোগ

প্রকল্প অনুযায়ী বজবজের ডোঙারিয়া এলাকা থেকে ইনটেক জেটির মাধ্যমে নদীর জল তোলা হবে। এরপর পাইপলাইনের সাহায্যে সেই জল পাঠানো হবে ফলতা এলাকার পাম্পিং স্টেশনে। সেখান থেকে আবার পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হবে ডায়মন্ড হারবারের নাইয়াপাড়া এলাকায় অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে। ওই প্লান্টে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জল পরিশোধনের পর তা শহরের বিভিন্ন এলাকায় পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হবে।

জল সংরক্ষণ ও সুষ্ঠু বণ্টনের লক্ষ্যে পরিকাঠামোও আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ডায়মন্ড হারবার পুরসভা এলাকায় তিনটি ওভারহেড ট্যাংক রয়েছে। এর সঙ্গে আরও দুটি নতুন ওভারহেড ট্যাংক নির্মাণ করা হবে। পুরসভার ১ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডে এই দুটি ট্যাংক তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এর ফলে জল সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর হবে বলে মনে করছে প্রশাসন। এতদিন পর্যন্ত ডায়মন্ড হারবার শহরে স্থানীয় নদীর জল পরিশ্রুত করে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হতো। তবে অম্রুত প্রকল্প চালু হলে জল সরবরাহ ব্যবস্থায় আরও আধুনিকতা ও স্থায়িত্ব আসবে বলে আশা করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

প্রকল্পের প্রথম পর্যায়ে ডোঙারিয়া থেকে আনা পরিশ্রুত জল প্রায় ৮ হাজার বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের মধ্যেই এই লক্ষ্যমাত্রা পূরণ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুতগতিতে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ডায়মন্ড হারবার পুরসভার বাসিন্দারা দীর্ঘমেয়াদে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল পরিষেবা পাবেন এবং শহরের জল সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।