নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনার সামনে এসেছে পুলিশ। প্রতিবেশী এক বিবাহিত মহিলার প্রতি একতরফা প্রেমের টান থেকেই তাঁর অন্তর্বাস চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উজ্জয়িনীর চিমানগঞ্জ মাণ্ডি থানার অন্তর্গত ধাঞ্চা ভবন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বসবাস করেন এক বিবাহিত মহিলা। কয়েক দিন আগে তিনি বাড়ির বাইরে বারান্দায় জামাকাপড় কেচে দড়িতে শুকোতে দিয়েছিলেন। রাতের দিকে কাপড় তুলতে গিয়ে তিনি লক্ষ্য করেন, তাঁর একটি অন্তর্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না। আশপাশে ঝড়-বৃষ্টি না হওয়ায় কাপড় উড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল না। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যার পর এক প্রতিবেশী যুবক বাড়ির সামনে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পরে চারপাশে কেউ আছে কি না তা দেখে নিয়ে দড়িতে শুকোতে দেওয়া ওই মহিলার অন্তর্বাসটি নিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে সে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় গিয়ে প্রমাণ-সহ লিখিত অভিযোগ দায়ের করা হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রায় ২৫ বছর বয়সী অভিযুক্ত যুবক অঙ্কিত মালব্যকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের সময় অঙ্কিত পুলিশকে জানায়, প্রতিবেশী ওই বিবাহিত মহিলাকে সে দীর্ঘদিন ধরে পছন্দ করত এবং তাঁকে ভালোবাসার কথাও জানিয়েছিল। কিন্তু মহিলাটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তবুও একতরফা ভালোবাসা থেকেই সে ওই মহিলার অন্তর্বাস চুরি করেছে বলে স্বীকার করে অভিযুক্ত। পুলিশ আরও জানিয়েছে, ওই যুবক নিজের বুকে ওই মহিলার নামের ট্যাটুও করিয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে জেরা করে ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।
