নিউজ পোল ব্যুরো: বিধানসভা ভোটের আগে আবারও রাজ্য রাজনীতির কেন্দ্রে উঠে এল নন্দীগ্রাম (Nandigram)। ২০০৭ সালের ১৪ মার্চের সেই ঘটনাকে ঘিরে শনিবার একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল দুই পক্ষই শহিদদের স্মরণে আলাদা কর্মসূচি পালন করল। ঠিক যেদিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), সেদিনই নন্দীগ্রামে শহিদ বেদিতে মাল্যদান করে আন্দোলনের স্মৃতি তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শনিবার সকালে নন্দীগ্রামের (Nandigram) মালোপাড়া এলাকায় যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি (Suvendu Adhikari) ২০০৭ সালের জমি আন্দোলনে নিহতদের স্মরণ করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত নেতারা এবং বিজেপির একাধিক কর্মী-সমর্থক। শহিদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর শুভেন্দু বলেন, “১৪ মার্চ আমাদের কাছে এক ঐতিহাসিক দিন। জমি ও বাড়িঘর রক্ষার লড়াইয়ে নন্দীগ্রামের সাধারণ মানুষ যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা কখনও ভোলা সম্ভব নয়।”
অন্যদিকে একই দিনে নন্দীগ্রাম (Nandigram) দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। শনিবার সকালে নিজের এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, “নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ বিশ্বের সকল শহিদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক প্রণাম।”
রাজনৈতিক মহলের মতে, প্রতিটি নির্বাচনের আগে নন্দীগ্রামের (Nandigram) স্মৃতি নতুন করে আলোচনায় উঠে আসে। কারণ জমি আন্দোলনের সেই ইতিহাস এখনও বঙ্গ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। ফলে ভোটের আগে আবারও নন্দীগ্রাম রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
সূত্রের খবর, এদিন দিনভর নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক স্মরণসভা ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথমে অধিকারী পাড়ায় শহিদ বেদিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে বিজেপি নেতৃত্বের। এরপর সোনাচূড়া শহিদ মিনারেও শ্রদ্ধা জানানো হবে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেলা ১১টা নাগাদ তৃণমূলপন্থী ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতারা ভাঙাবেড়া এলাকায় শহিদ স্মরণ কর্মসূচি পালন করবেন। এরপর অধিকারী পাড়া ও মালপাড়াতেও তাদের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
