নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাইভোল্টেজ জনসভা ঘিরে রাজ্য রাজনীতি তুঙ্গে। সভায় গুরুত্বপূর্ণ ঘোষণা ও রাজনৈতিক বার্তা থাকতে পারে বলেই জোর জল্পনা তৈরি হয়েছে। শুক্রবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শনিবার সকাল থেকে ব্রিগেডমুখী গেরুয়া শিবিরের ঢল দেখা গিয়েছে শহরের বিভিন্ন জায়গায়।
তবে প্রধানমন্ত্রী (Narendra Modi) কলকাতায় পৌঁছানোর আগেই তাঁকে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, এসআইআর (SIR) ইস্যু এবং কেন্দ্রের কাছে বাংলার বকেয়া অর্থ এই তিনটি বড় বিষয়কে সামনে রেখে মোদির উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়েছে তৃণমূল। দলের এক্স হ্যান্ডেল থেকেই এই প্রশ্নগুলি প্রকাশ করা হয়েছে।
তৃণমূলের (TMC) দাবি, এসআইআর প্রক্রিয়ায় প্রথমে প্রায় ৬৩ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল এবং পরে আরও প্রায় ৬০ লক্ষ ভোটারকে নতুন করে যাচাইয়ের আওতায় আনা হয়েছে। এই প্রক্রিয়া ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বলেও অভিযোগ তাদের। দলের বক্তব্য, এই অভিযানের ফলে বহু নিরপরাধ মানুষ সমস্যায় পড়েছেন। তৃণমূলের প্রশ্ন এসআইআর প্রক্রিয়ায় আসলে কতজন বাংলাদেশি বা রোহিঙ্গাকে চিহ্নিত করা গেছে?
এছাড়াও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকট নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেছে শাসক দল। আন্তর্জাতিক পরিস্থিতির অস্থিরতার মধ্যেও কেন পর্যাপ্ত কৌশলগত মজুত রাখা হয়নি এবং কেন এলপিজির দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সেই প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের দাবি, এই পরিস্থিতিতে গরিব ও নিম্নবিত্ত পরিবারগুলি মারাত্মক সমস্যার মুখে পড়েছে।
অন্যদিকে, কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য অর্থ নিয়েও সরব হয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, প্রায় ১.৯৬ লক্ষ কোটি টাকা এখনও রাজ্যকে দেওয়া হয়নি। পাশাপাশি সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ থাকা সত্ত্বেও বাংলায় মনরেগা প্রকল্প পুনরায় চালু করা হয়নি বলেও প্রশ্ন তুলেছে তারা।
পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের ‘বাংলাদেশি’ সন্দেহে হেনস্থা, মারধর বা আটক করার অভিযোগ সামনে আসছে বলেও দাবি তাদের। এমনকি কিছু ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে বলে অভিযোগ তুলে কেন্দ্রের কাছে জবাব চেয়েছে শাসক দল।
এর পাশাপাশি বাংলার বিশিষ্ট মনীষীদের নিয়ে বিজেপি নেতাদের মন্তব্য নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের দাবি, প্রধানমন্ত্রীসহ বিজেপির কয়েকজন নেতা বাংলার মনীষীদের অসম্মান করছেন।
এদিকে মোদীর (Narendra Modi) ব্রিগেড সভার আগেই শহরের বিভিন্ন জায়গায় ‘গো ব্যাক মোদি’ লেখা হোর্ডিং ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার কলকাতার নানা প্রান্তে এই ধরনের হোর্ডিং দেখা যায়। তবে এগুলি কে বা কারা লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কারণ, কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নাম সেখানে উল্লেখ করা হয়নি।
তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, হোর্ডিংয়ে ব্যবহৃত ‘বয়কট বিজেপি’ লোগোর সঙ্গে তৃণমূলের প্রচারিত স্লোগানের মিল রয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শাসক দলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
