নিউজ পোল বাংলা: বৃষ্টির রেশ কাটিয়ে দেখা মিলেছিল রোদের। সঙ্গে ফিরেছে ভ্যাপসা গরম। রবিবার সারাদিনে কলকাতায় দেখা মেলেনি বৃষ্টির। উল্টে ছিল কাঠফাটা রোদ। তবে চলতি সপ্তাহে রোদ নয় ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। জেনে নিন কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া (Weather)।
আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বৃষ্টি কমলেও বুধাবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বুধবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার ও মঙ্গলবার গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শনিবার পর্যন্ত । বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোনও কোনও জেলায় ।
তবে দক্ষিণে বৃষ্টি আগামী দুইদিনে কমলেও উত্তরবঙ্গে জারি আবহাওয়া (Weather) নিয়ে রয়েছে সতর্কতা। মৌসুমি অক্ষরেখা বর্তমানে ফরিদকোট, লুধিয়ানা, নজিবাবাদ, শাহজাহানপুর, বালিয়া হয়ে জলপাইগুড়ি দিয়ে পূর্ব, উত্তর-পূর্ব দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত থাকার কারণে উত্তরবঙ্গে চলবে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার পর্যন্ত দুর্যোগ চলবে। আজ সোমবার ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের পাঁচ জেলার সঙ্গেই ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
