নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গে কেন্দ্রের সম্ভাব্য এসআইআর (SIR) (স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট) প্রক্রিয়াকে ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। পুজোর পর কেন্দ্র যে এই ইস্যুতে সক্রিয় হতে পারে, সেই ইঙ্গিত পেয়ে আগেভাগেই দলের সাংগঠনিক স্তরে সতর্কবার্তা দিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার কলকাতার ক্যামাক স্ট্রিটে নিজের কার্যালয়ে সুন্দরবন সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সিও। সেখানেই অভিষেক স্পষ্ট জানান, এসআইআরকে কেন্দ্র করে কোনো রকম প্রশাসনিক চাপ বা বিভ্রান্তি তৈরি হলে তাতে দলের তরফে জিরো টলারেন্স নীতি (Zero Tolerance) নেওয়া হবে। তিনি বলেন, “পুজোর পর থেকেই কেন্দ্রের নানা সংস্থা ‘নজরদারি’র নামে রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে। কিন্তু আমাদের কাজ হচ্ছে, মাঠে নেমে সংগঠনকে আরও শক্তপোক্ত করে তোলা।”
এই বৈঠকে আরও একবার ভোটার তালিকার কাজকে সর্বাধিক গুরুত্ব দিতে বলেন অভিষেক (Abhishek Banerjee)। তার বার্তা স্পষ্ট, একজন বৈধ ভোটারও যেন বাদ না পড়েন। সেই কারণে দলীয় নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ি-বাড়ি গিয়ে তথ্য যাচাই করে সঠিক ভোটার তালিকা তৈরিতে সক্রিয় ভূমিকা নিতে হবে।
গোসাবা-সহ সুন্দরবনের একাধিক ব্লকে সাম্প্রতিক সময়ে সংগঠনের অভ্যন্তরে কিছু দ্বন্দ্ব সামনে এসেছে। সেই প্রেক্ষিতেই গোসাবায় একটি কোর কমিটি গঠন করার কথাও ঘোষণা করেন অভিষেক (Abhishek Banerjee)। পাশাপাশি, বিগত নির্বাচনে হার হওয়া বুথগুলিতে এখন থেকেই পুনরুজ্জীবনের কৌশল নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কোন বুথে কী কারণে পরাজয়—তা খতিয়ে দেখে জায়গায় জায়গায় মাইক্রো-লেভেলে কাজ করার নির্দেশ দিয়েছেন দলের সাংগঠনিক নেতৃত্বকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
