নিউজ পোল ব্যুরো: সাউথ পয়েন্ট স্কুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে তদন্তে নতুন মোড় (South Point School corruption)। আজকের আপডেটে জানা গিয়েছে, স্কুলের প্রাক্তন ট্রাস্টি বোর্ড সদস্য কৃষ্ণ দামানির বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আনুষ্ঠানিকভাবে চার্জশিট জমা দিয়েছে। ব্যাঙ্কশাল আদালতে ইডির (ED) বিশেষ আদালতে পেশ করা চার্জশিটে দাবি করা হয়েছে, স্কুলের তহবিল থেকে বিপুল অঙ্কের টাকা বেআইনিভাবে সরিয়ে পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এর আগেই দুর্নীতির অভিযোগে কৃষ্ণ দামানিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। তদন্তে উঠে এসেছে, শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের নামে প্রায় ২০ কোটি টাকার অনিয়ম হয়েছে বলে অভিযোগ। এই নিয়োগ দুর্নীতির সঙ্গে ট্রাস্টি বোর্ডের আরও কয়েকজন সদস্য এবং প্রশাসনিক স্তরের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িত থাকতে পারেন বলেও পুলিশের সন্দেহ।
আরও পড়ুন : Weather Update : ফেব্রুয়ারির শেষেই বিদায় শীত! দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা জানাল আবহাওয়া দফতর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এমপি বিড়লা গ্রুপের পক্ষ থেকেও হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তকারীদের নজরে রয়েছেন ট্রাস্টি বোর্ডের সদস্য সুশীলকুমার দাগা, সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির চিফ ফিন্যান্স অফিসার বিনয় সুরেকা এবং প্রাক্তন কর্মী কেশবকুমার মালব্য। আর্থিক লেনদেনে তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, মুকুন্দপুরে নির্মীয়মাণ সাউথ পয়েন্ট স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস নিয়েও প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে নির্মাণ খরচ ধরা হয়েছিল প্রায় সাড়ে চারশো কোটি টাকা, কিন্তু অভিযোগ অনুযায়ী খরচ ইতিমধ্যেই ছয়শো কোটির কাছাকাছি পৌঁছে গেছে, অথচ নির্মাণকাজ এখনও সম্পূর্ণ হয়নি। ফলে দুর্নীতির অঙ্ক আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অভিযোগকারী পক্ষ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে, নিয়োগ সংস্থার সঙ্গে এমন কিছু প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন হয়েছে, যেগুলির সঙ্গে অভিযুক্তের পরিবারের যোগ রয়েছে। এখন তদন্তকারীদের প্রধান লক্ষ্য, এই বিপুল অঙ্কের অর্থ কীভাবে এবং কোথায় সরানো হয়েছে তার পুরো মানি ট্রেল খুঁজে বের করা। তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য সামনে আসছে, ফলে সাউথ পয়েন্ট স্কুলের (South Point School corruption) এই আর্থিক দুর্নীতি মামলা আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।
