অন্যায়ের প্রতিবাদ করায় ‘মারধর’, হিঙ্গলগঞ্জে দলের দুই নেতার বিরুদ্ধে বিজেপি কর্মীর অভিযোগ

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:  উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় বিজেপির অন্দরেই মারধরের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মামুদপুর ১০৩ নম্বর বুথে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বিজেপি কর্মী রমেশ মালির দাবি, দলের মধ্যে একটি অন্যায়ের প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে।

রমেশের অভিযোগ, হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অমিত মণ্ডল এবং বিজেপি নেতা পার্থপ্রতিম জানা তাঁকে বেধড়ক মারধর করেন। ঘটনায় তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান বলে দাবি। পরে তাঁকে চিকিৎসার জন্য স্যান্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর হিঙ্গলগঞ্জ থানায় অমিত মণ্ডল ও পার্থপ্রতিম জানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রমেশ মালি। পাশাপাশি, রমেশ মালির বিরুদ্ধেও থানায় পাল্টা লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অমিত মণ্ডল ও পার্থপ্রতিম জানা। তাঁদের দাবি, অভিযোগের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই।

দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ঠিক কী কারণে এই সংঘাত এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে।