নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে এখনও হালকা শীতের আমেজ টিকে থাকলেও তা আর বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর (South Bengal Weather Update)। আগামী কয়েক দিনের মধ্যেই রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, ফলে ফেব্রুয়ারির শেষভাগে শীত কার্যত বিদায় নেবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আবহাওয়ার এই পরিবর্তন ঘটছে (Weather Update)। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে সক্রিয় একটি পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ও উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে। একইসঙ্গে আবার নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশের সম্ভাবনাও তৈরি হয়েছে, যার প্রভাবে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা (Weather Update)।
এই মুহূর্তে ঘন কুয়াশার কোনও সতর্কতা জারি নেই। যদিও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভোরের দিকে হালকা বা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, তবে সূর্য ওঠার পরই আকাশ পরিষ্কার হয়ে যাবে (South Bengal Weather Update)। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। কোথাও বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই। কলকাতায় (Kolkata) চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে এবং রাতের তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে (South Bengal Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গে অবশ্য এখনও শীতের ছোঁয়া কিছুটা বজায় থাকবে (North Bengal Weather Update)। দার্জিলিং পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে, আর সমতল জেলাগুলিতে পারদ থাকবে ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। তবে সেখানেও বড় ধরনের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্য জেলাগুলিতে থাকবে হালকা কুয়াশা। সব মিলিয়ে বলা যায়, বসন্তের আগমনী বার্তাই এখন বাংলার আবহাওয়ায় স্পষ্ট (Weather Update)।
