Jadavpur University: ‘যাদবপুর আমার ছেলেকে কেড়েছে, এবার ফিরিয়ে দিক অনামিকাকে’’ ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) আবারও শোকের আবহে আচ্ছন্ন। বৃহস্পতিবার রাতে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের (Anamika Mandal) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে। চার নম্বর গেটের সামনে ক্যাম্পাসের ভেতরের পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তদন্ত শুরু হয়েছে, কিন্তু মৃত ছাত্রীর পরিবারসহ সাধারণ মানুষও ক্ষোভে ফুঁসছে।

আরও পড়ুন:Kartik Aryaan: বারাণসী থেকে মুম্বই, কার্তিকের টানে ছুটে এসে নায়ককে জড়িয়ে ধরলেন মূক-বধির অনুরাগী

এই ঘটনার পরই দুই বছর আগের দুঃসহ স্মৃতি ফিরে এসেছে এক পিতার জীবনে। ২০২৩ সালের ৯ অগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেন হস্টেলের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রকে। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। সেই তরুণের বাবার কাছে ছেলের মৃত্যু আজও দগদগে ক্ষত। অনামিকার মৃত্যু সংবাদ শুনে তিনি আবেগ সামলাতে না পেরে বলেন, ‘‘যাদবপুর আমার ছেলেকে ফেরাক, আর ফিরিয়ে দিক ওই মেয়েটিকেও তার বাবা-মায়ের কোলে।’’

কাঁপা গলায় তাঁর আরও বক্তব্য, ‘‘সন্তান হারানোর যন্ত্রণা প্রতিটি মুহূর্তে আমাদের পোড়ায়। দু’বছর পার হল, তবুও কিছুই বদলায়নি। একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।’’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে তাঁর অভিযোগ, পড়াশোনার বদলে ক্যাম্পাসে নেশা আর অনিয়মকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। তাঁদের উদাসীনতাই একের পর এক তরুণ-তরুণীর জীবন কেড়ে নিচ্ছে।

পুত্রহারা এই বাবা আরও বলেন, ‘‘আমার ছেলে নদিয়ার (Nadia) বগুলা থেকে পড়তে এসেছিল। র‌্যাগিংয়ের সংস্কৃতি আর ক্যাম্পাসের বিষাক্ত পরিবেশই তাকে শেষ করে দিয়েছে। এত বছরেও সিসিটিভি ক্যামেরা যথেষ্ট বসানো হয়নি। যেগুলি আছে, সেগুলি সঠিকভাবে কাজ করে কি না, কেউ দেখে না। আসলে কর্তৃপক্ষের সদিচ্ছাই নেই।’’

তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) গুরুত্বপূর্ণ পদাধিকারীদের জবাবদিহি করতে হবে। প্রয়োজনে কঠোর শাস্তি দেওয়া উচিত। নইলে একই ঘটনার পুনরাবৃত্তি চলতেই থাকবে।

ছাত্রমৃত্যুর ইতিহাসে যাদবপুর (Jadavpur University) বারবার উঠে আসছে। সমাজের প্রশ্ন, কত প্রাণ গেলে তবে বদলাবে পরিস্থিতি? পরিবার হারানো বাবার হাহাকারই যেন সেই অমোঘ সত্যকে মনে করিয়ে দিল বিশ্ববিদ্যালয়ের গাফিলতিই বারবার কেড়ে নিচ্ছে অঙ্কুরিত জীবন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole