নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে অস্বাভাবিক আবহাওয়া ও টানা বৃষ্টির জেরে শিক্ষা ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের স্কুলগুলোতে দুর্গাপুজোর (Durgapuja 2025) ছুটি শুরু হওয়ার আগে থেকেই ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সকালেই টেলিফোনে এক সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান, “পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমি শিক্ষাদপ্তরকে বলেছি, আজ থেকেই সমস্ত সরকারি স্কুল (Schools) বন্ধ ঘোষণা করতে।” এছাড়াও মুখ্যমন্ত্রী বেসরকারি ও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিদ্যালয়গুলিকেও (Schools) অনুরোধ করেছেন যেন অন্তত দু’দিনের ছুটি ঘোষণা করে। তার কথায়, “শুধু আজ না, আগামীকালও দুর্যোগ অব্যাহত থাকবে। বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলা ঠিক নয়।”
আরও পড়ুন: Kolkata Airport: রাতভর বৃষ্টির জেরে ২৭টি বিমান বাতিল
একইসঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশ্যে তার পরামর্শ, যদি ক্লাস নিতেই হয়, তাহলে যেন তা অনলাইনে করা হয়, যেমন কোভিডকালে হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়ে দেন, আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর সমস্ত রাজ্য সরকারি ও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান (Schools) বন্ধ থাকবে। প্রসঙ্গত, ষষ্ঠী পড়ছে এই রবিবার। সাধারণত চতুর্থী বা পঞ্চমী থেকে পুজোর ছুটি শুরু হয়। কিন্তু এবারের টানা বৃষ্টির ফলে পরিস্থিতি অনেকটা আগেই সংকটজনক হয়ে পড়েছে। জলমগ্ন রাস্তাঘাট, বিপর্যস্ত যান চলাচল সব মিলিয়ে সাধারণ নাগরিকদের বাইরে বেরোনোই দুঃসাধ্য হয়ে পড়েছে।
হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, বঙ্গোপসাগরে ফের একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জেরে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “মহালয়ার জোয়ারে গঙ্গায় জলস্তর বেড়েছে, শহরের জল বের হওয়ার পথ নেই। তাই সবাইকে সাবধান থাকার এবং বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
