নিউজ পোল ব্যুরো: কার্তিক আরিয়ান (Kartik Aryaan) বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, যিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ভক্তদের হৃদয় জয় করে চলেছেন। সম্প্রতি সেই ছবিই ধরা পড়ল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। এক মূক-বধির তরুণ, যিনি কার্তিকের অন্ধ ভক্ত, বারাণসী (Varanasi) থেকে সরাসরি মুম্বইতে (Mumbai) পৌঁছে যান শুধুমাত্র প্রিয় নায়ককে এক ঝলক দেখার জন্য। অভিনেতার বাড়িতেই পৌঁছে তিনি দেখা পান কার্তিকের সঙ্গে, আর সেই মুহূর্তই চিরস্মরণীয় হয়ে ওঠে।
আরও পড়ুন:Urfi Javed: উর্ফীর কটাক্ষজবাব: ‘‘কুকর্মের ফল নয়, এটা আমার সেরে ওঠার যাত্রা’’
ইনস্টাগ্রামে (Instagram) কার্তিক নিজেই শেয়ার করেছেন তাঁদের ছবি এবং একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, ভক্ত মুখে কথা বলতে না পারলেও হাতের ইশারায় প্রকাশ করছেন নিজের ভালোবাসা। নায়ককে আলিঙ্গন করছেন, প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। কার্তিকও (Kartik Aryaan) পিছিয়ে থাকেননি, তিনিও ভক্তকে জড়িয়ে ধরেছেন, ছবি তুলেছেন এবং সেই মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছেন। ভিডিয়োতে ডেনিম জ্যাকেট (Denim Jacket), সাদা টি-শার্ট আর বেইজ স্নিকার্সে ধরা দিলেন অভিনেতা।

পোস্টে কার্তিক (Kartik Aryaan) লিখেছেন, ‘‘তুমি কথা বলতে পারোনি, কিন্তু তোমার অমূল্য অভিব্যক্তির মাধ্যমে আমি তোমার সব অনুভূতি শুনতে পেয়েছি। তুমি শুনতে পারোনি, কিন্তু আমি নিশ্চিত তুমি আমার ভালোবাসা অনুভব করতে পেরেছ। এই ধরণের বিশুদ্ধ ভালোবাসা পেয়ে আমি সত্যিই ধন্য। আমার দিনটি সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ, বারাণসী থেকে এত দূর আসার জন্য কৃতজ্ঞতা।’’ এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা অভিনেতার এই মানবিক দিক দেখে আবেগপ্রবণ হন। এক অনুরাগী লেখেন, ‘‘কার্তিক, তুমি এটা অর্জন করেছ। বহু বছরের কঠোর পরিশ্রম আর নিষ্ঠার ফলেই ভক্তরা তোমার জন্য এতটা করছে।’’ আরেকজন মন্তব্য করেন, ‘‘এই ভিডিও সত্যিই হৃদয়স্পর্শী। আমাদেরও চোখ ভিজিয়ে দিল।’’
কাজের দিক থেকে কার্তিক (Kartik Aryaan) এখন ব্যস্ত নতুন ছবির শ্যুটিংয়ে। শ্রীলীলার (Shreeleela) সঙ্গে অনুরাগ বসুর একটি ছবিতে তিনি অভিনয় করছেন, যার শ্যুট সিকিমের বিভিন্ন মনোরম স্থানে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পাশাপাশি, সমীর বিদওয়ান পরিচালিত ‘তু মেরি ম্যায় তেরা’ (Tu Meri Main Tera) -তেও দেখা যাবে তাঁকে, যেখানে নায়িকা অনন্যা পাণ্ডে। ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবি আগামী ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। ভক্তের নিঃশর্ত ভালোবাসা আর নায়কের আন্তরিক প্রতিদান কার্তিক আরিয়ান (Kartik Aryaan) আবারও প্রমাণ করলেন, জনপ্রিয়তা শুধু গ্ল্যামারের জন্য নয়, মানবিকতাই তাঁকে আজকের কার্তিক বানিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
