নিউজ পোল ব্যুরো: দিশা পটানীর (Disha Patani) বরেলীর (Bareli) বাড়িতে গুলি চালানোর ঘটনায় কেটে গিয়েছে কয়েক দিন। কিন্তু আতঙ্ক কাটেনি পরিবারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ সেপ্টেম্বর গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে টানা ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। অভিযোগ, অভিনেত্রীর দিদি খুশবু পটানী হিন্দু ধর্মকে অসম্মান করেছেন এই অজুহাতেই নাকি এ হামলা।
আরও পড়ুন:Movie Release: পুজোর আগে চার ছবির লড়াই, প্রেক্ষাগৃহ ভাগাভাগি নিয়ে ফের গুঞ্জন টলিউডে
অভিনেত্রীর বাবা জগদীশ পটানী (Jagdish Patani) জানিয়েছেন, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘৮ থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয়েছিল। আমার কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করতে শুরু করে। আমি সতর্ক হয়ে যাই। তা না হলে গুলি সোজা আমার গায়েই লাগত। সামান্যর জন্য রক্ষা পেয়েছি।’’ ঘটনায় এখনও ধাক্কা সামলাতে পারেননি তিনি। এমন ভয়াবহ পরিস্থিতির পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) স্বয়ং যোগাযোগ করেন দিশার (Disha Patani) পরিবারের সঙ্গে। জগদীশ পটানী জানিয়েছেন, সোমবার গভীর রাতে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে ফোন আসে। মুখ্যমন্ত্রী তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং বলেন, পরিবারের নিরাপত্তার বিষয়টি তিনি নিজে দেখবেন। অভিযুক্তরা যেখানেই থাকুক, কাউকে ছাড়া হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রশাসন ইতিমধ্যেই দিশার বাড়ির নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনার পরে দিশা (Disha Patani) যদিও এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে তাঁর অনুরাগী এবং ঘনিষ্ঠ মহল সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।বরেলীর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের পরিচয় উদ্ঘাটনে বিশেষ টিমও গঠন করা হয়েছে। গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম উঠে আসায় তদন্ত আরও গুরত্ব পেয়েছে। আপাতত দিশা (Disha Patani) ও তাঁর পরিবারের নিরাপত্তাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছে প্রশাসন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
