Urfi Javed: উর্ফীর কটাক্ষজবাব: ‘‘কুকর্মের ফল নয়, এটা আমার সেরে ওঠার যাত্রা’’

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: উর্ফী জাভেদের (Urfi Javed) নাম শুনলেই মনে পড়ে যায় বিতর্ক, কটাক্ষ আর নিত্যনতুন চমক। সম্প্রতি নিজের ঠোঁট নিয়ে তুমুল আলোচনায় উঠে এসেছিলেন তিনি। কিছু দিন আগেই সমাজমাধ্যমে তাঁর ফুলে ঢোল হওয়া ঠোঁটের ছবি ভাইরাল হয়। সেই ছবি দেখে যেমন অনুরাগীরা চিন্তিত হয়েছিলেন, তেমনই কটাক্ষের বন্যাও বইতে শুরু করে। কেউ বলেছিল ভিমরুল কামড়ে দিয়েছে, কেউ আবার ব্যঙ্গচিত্র বানিয়ে ছড়িয়ে দিয়েছিল। এমনকি একাংশের দাবি ছিল, ঈশ্বর নাকি উর্ফীকে শাস্তি দিচ্ছেন, তিনি নাকি নিজের কুকর্মের ফল ভুগছেন।

আরও পড়ুন:Coconut Milk: নারকেলের দুধে রান্না হোক লাজবাব, ফেটে যাওয়ার ভয় এড়াতে মানুন এই টিপস

এই সব বিদ্রুপে কিন্তু দমে যাননি নেটদুনিয়ার সেনসেশন। বরং একের পর এক ছবি শেয়ার করে নিজের সেরে ওঠার যাত্রাপথই তুলে ধরলেন তিনি। ফুলে যাওয়া ঠোঁট থেকে ধীরে ধীরে স্বাভাবিক রূপে ফেরা, সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার নথি প্রকাশ করলেন সমাজমাধ্যমে। সঙ্গে লিখলেন, ‘‘আমার কুকর্মের ফল ভুগছি নাকি আমি! এই সব কথা শুনে আমি ভীষণ হেসেছি। ওই ব্যঙ্গচিত্রগুলো দেখেও হাসি পেয়েছে।’’

প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে উর্ফী (Urfi Javed) খোলাখুলি জানিয়েছিলেন ঠোঁটে ফিলার্স ব্যবহার করেছেন তিনি। এমনকি বোটক্স নিয়েও অকপটভাবে কথা বলেছেন। পরে নিজের মুখের স্বাভাবিক আকৃতি ফিরে পেতে ফিলার্স (lip fil) সরানোর সিদ্ধান্ত নেন। চিকিৎসকের কাছে গিয়েছিলেন সেই প্রক্রিয়া করাতে। আর তখনই ঘটে বিপত্তি। তাঁর কথায়, ফিলার্স সরানোর এই প্রক্রিয়া ভীষণ যন্ত্রণাদায়ক। তাই ভবিষ্যতে হয়তো আবার ফিলার্স ব্যবহার করবেন, তবে সূঁচ ফুটিয়ে নয়। সব কিছুই অবশ্য চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই করা উচিত বলে জানালেন তিনি।

বৃহস্পতিবার নিজের পোস্টে উর্ফী (Urfi Javed) আরও একটি চমক দিলেন। জানালেন, অস্ত্রোপচার বা সূঁচ ছাড়াই ঠোঁট ভরাট করার নতুন পদ্ধতি তিনি খুঁজে পেয়েছেন। খুব শীঘ্রই সেই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন। নিন্দুকদের কটাক্ষ, ব্যঙ্গ আর গুজবের জবাব নিজের মতো করেই দিলেন উর্ফী। কখনও রসিকতায়, কখনও খোলাখুলি স্বীকারোক্তিতে। আর এভাবেই আবারও প্রমাণ করলেন, ট্রোল হোক বা ট্রেন্ড উর্ফী জাভেদ (Urfi Javed) সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেই জানেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole