নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষাকে ঘিরে তৈরি হল অনিশ্চয়তা। নির্ধারিত দিনে বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। প্রশাসনিক কারণ দেখিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি (UPSC) জানিয়ে দিয়েছে, ১৪ জানুয়ারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শিগগিরই পরীক্ষার সম্পূর্ণ সূচি এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি স্থগিত রাখার বিষয়ে কোনও নির্দিষ্ট কারণ জানানো না হলেও সূত্রের খবর অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু করার আগে একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। শূন্যপদের সংখ্যা, বিভিন্ন ক্যাডারের বরাদ্দ সংক্রান্ত তথ্য এবং অনলাইন আবেদন পোর্টালের প্রযুক্তিগত দিকগুলি পুনরায় যাচাই করা হচ্ছে।
আরও পড়ুন:Amitabh Bachchan: কেবিসির শেষ দিনের শ্যুটে আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন, ফিরবেন কি পরের সিজনে?
ইউপিএসসি (UPSC) চাইছে, আবেদন চলাকালীন পরীক্ষার্থীরা যাতে কোনও ধরনের প্রযুক্তিগত বা প্রশাসনিক সমস্যার মুখে না পড়েন, সে বিষয়টি নিশ্চিত করতে। সেই কারণেই অতিরিক্ত সময় নিয়ে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর আগে বছরের শুরুতেই কমিশন জানিয়েছিল, ২০২৬ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রিলিমিনারি মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য সময়সীমা হিসেবে ২৪ থেকে ৩১ মে-র মধ্যে পরীক্ষার কথা জানানো হয়েছিল। ইউপিএসসি (UPSC)-র নিয়ম অনুযায়ী, যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই পরীক্ষায় বসার সুযোগ পান, যদি তাঁদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে থাকে। বয়সের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ছাড়ও প্রযোজ্য থাকবে।অন্য দিকে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষাও একই সঙ্গে অনুষ্ঠিত হয় সিভিল সার্ভিসেস প্রিলিমিনারির মাধ্যমে। এই পরীক্ষাটি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণের অন্যতম প্রধান ধাপ।
ইউপিএসসি (UPSC) আগেই জানিয়েছিল, এই পরীক্ষার প্রিলিমিনারি ২৪ মে এবং মেনস পরীক্ষা ২২ নভেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় সেই সূচি অপরিবর্তিত থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে পরীক্ষার্থীদের একাংশের মতে, সময় নিয়ে সঠিক তথ্য যাচাই করা ইতিবাচক পদক্ষেপ। অতীতে আবেদন সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যায় বহু পরীক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছেন সেই অভিজ্ঞতা মাথায় রেখেই ইউপিএসসি (UPSC) এবার বাড়তি সতর্কতা নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন পরীক্ষার্থীদের নজর কমিশনের পরবর্তী ঘোষণার দিকে, যেখানে ২০২৬ সালের পরীক্ষার ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
