Chinese Manja : বাচ্চারা যদি চিনা মাঞ্জা ব্যবহার করে, আইনি দায় হতে পারে অভিভাবকদেরও, জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

দেশ

নিউজ পোল ব্যুরো: নিষিদ্ধ চিনা মাঞ্জা (Chinese Manja) ব্যবহার নিয়ে এবার আরও কড়া অবস্থান নিল মধ‌্যপ্রদেশ হাই কোর্টের (Madhya Pradesh High Court) ইন্দোর বেঞ্চ (Indore Bench)। অপ্রাপ্তবয়স্কদের হাতে যদি নিষিদ্ধ চিনা মাঞ্জা ব্যবহার করতে দেখা যায় এবং তার জেরে কোনও দুর্ঘটনা বা মৃত্যু ঘটে, সে ক্ষেত্রে শুধুমাত্র শিশুর নয়—আইনি দায় বর্তাবে তাদের অভিভাবকদের উপরও। এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আদালত স্পষ্ট জানিয়েছে, চিনা মাঞ্জার (Chinese Kite String) বিক্রি বা ব্যবহার ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) ১০৬ (১) ধারার আওতায় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। বিচারপতি বিজয় কুমার শুক্লা এবং বিচারপতি অলক অবস্থির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, এই নিষেধাজ্ঞা যেন কোনওভাবেই শিথিল না হয় এবং কঠোরভাবে কার্যকর করা হয়।

আরও পড়ুন : Purulia : টুসু পরবেও খোলা প্রাথমিক স্কুল, পুরুলিয়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ভূমিকা ঘিরে প্রশ্ন

উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের ১১ ডিসেম্বর চিনা মাঞ্জার (Chinese Manja) কারণে ঘটা একাধিক মৃত্যু ও দুর্ঘটনার খবর সামনে আসার পর আদালত স্বতঃপ্রণোদিতভাবে (Suo Motu Case) এই মামলার শুনানি শুরু করে। আদালতে পেশ করা তথ্য অনুযায়ী, গত দেড় মাসে শুধুমাত্র ইন্দোরেই চিনা মাঞ্জায় (Chinese Manja) গলা কেটে প্রাণ হারিয়েছে ১৬ বছরের এক কিশোর ও ৪৫ বছরের এক ব্যক্তি। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন অন্তত ১৩ জন। এই ঘটনাগুলি আদালতকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। শুনানির সময় রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই চিনা মাঞ্জার অবৈধ বিক্রি বন্ধ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজারে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রশাসনের তরফে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় (Electronic and Print Media Awareness) সচেতনতামূলক প্রচার চালানোর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

হাইকোর্ট তার রায়ে আরও জানিয়েছে, কেউ যদি নিষিদ্ধ চিনা মাঞ্জা (Chinese Manja) বিক্রি বা ব্যবহার করেন, তা হলে তার বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা দায়ের করা হবে। বিশেষ করে যদি দেখা যায় অপ্রাপ্তবয়স্করা এই বিপজ্জনক সুতো ব্যবহার করছে, সে ক্ষেত্রে তাদের অভিভাবকদের দায়িত্ব এড়ানোর কোনও সুযোগ থাকবে না। দুর্ঘটনার জন্য অভিভাবকরাও আইনের আওতায় আসবেন। এছাড়াও আদালত অবিলম্বে বাজার, গুদাম ও সরবরাহ কেন্দ্রগুলিতে অভিযান (Market Raid) চালানোর নির্দেশ দিয়েছে, যাতে চিনা মাঞ্জার সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করা যায়। মানুষের প্রাণহানি রুখতেই এই কড়া পদক্ষেপ—এ কথা স্পষ্ট করে দিয়েছে উচ্চ আদালত।