নিউজ পোল ব্যুরো: কৌন বনেগা ক্রোড়পতির ১৭তম মরসুম শেষের পথে। দীর্ঘ দিনের এই যাত্রার ফাইনাল শ্যুটে আবেগ সামলাতে পারলেন না স্বয়ং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। কেবিসির মঞ্চে দাঁড়িয়ে দর্শক ও অনুরাগীদের উদ্দেশে নিজের মনের কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে বর্ষীয়ান অভিনেতার। শুধু কথাই নয়, আবেগের মুহূর্তে গান গেয়েও সকলকে চমকে দেন বিগ বি।
শেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন কমেডি আর্টিস্ট কিকু সারদা। তাঁর হাস্যরসের মধ্যেও অমিতাভের (Amitabh Bachchan) চোখে-মুখে ছিল আলাদা আবেশ। শ্যুটের শুরুতেই বিগ বি জানান, এই দিনটি তাঁর কাছে কতটা বিশেষ। তিনি বলেন, “কিছু মুহূর্ত এমন হয়, যেখানে আমরা এতটাই ডুবে যাই যে বুঝতেই পারি না কখন শেষ এসে দাঁড়িয়েছে। মনে হয়, এই তো সবে শুরু করলাম। এই আবেগ নিয়েই আজ শেষ দিনের শ্যুট শুরু করলাম।”
কেবিসির সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরেন অমিতাভ। অভিনেতার কথায়, “আমি আমার জীবনের প্রায় এক-তৃতীয়াংশ এই শো-কে দিয়েছি। যখনই বলেছি আমি আসছি, আপনারা আমাকে দু’হাত ভরে গ্রহণ করেছেন।” দর্শকদের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের কথাও অকপটে স্বীকার করেন তিনি। “আমি যখন হাসি, আপনারা আমার সঙ্গে হাসেন। আমার চোখে জল এলে, আপনাদের চোখেও জল আসে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারাই আমার এই যাত্রার সঙ্গী।”
এই আবেগঘন মুহূর্তেই অমিতাভ বলেন সেই কথা, যা ঘিরে এখন চর্চা তুঙ্গে—“আমি আপনাদের সবাইকে শুধু এটুকুই বলতে চাই, যতদিন আপনারা আছেন, ততদিন এই খেলা আছে। আর যতদিন এই খেলা আছে, আমিও এখানে আছি।” তাঁর এই বক্তব্য থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন—তবে কি পরের সিজনেও কেবিসির মঞ্চে ফিরবেন বিগ বি?
শেষ দিনের শ্যুটে অমিতাভ শুধু বক্তব্যেই থামেননি। সকলকে অবাক করে দিয়ে টানা প্রায় ৩০ মিনিট ধরে গান গেয়েছেন তিনি। নির্মাতাদের মতে, কেবিসির ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এই মুহূর্তটিকে তাঁরা ‘ঐতিহাসিক’ বলেই উল্লেখ করেছেন।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ বচ্চন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘সেকশন ৮৪’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নিমরিত কৌর। পাশাপাশি, বহুল প্রতীক্ষিত ‘কাল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়ালেও প্রভাসের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছেন বিগ বি।
তবে আপাতত অনুরাগীদের মন জুড়ে শুধু একটাই প্রশ্ন—
কেবিসির পরের সিজনেও কি আবার সেই পরিচিত কণ্ঠে শোনা যাবে, “নমস্কার, আমি অমিতাভ বচ্চন”?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
