Anant Maharaj: এবার রাজবংশী ‘হেনস্তা’র অভিযোগ! বিজেপি সাংসদ অনন্ত মহারাজের নিশানায় কমিশন, ফের বাড়ল অস্বস্তি

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) ইস্যুতে রাজ্য রাজনীতি এখন উত্তাল। সর্বত্র চলছে তীব্র বিতর্ক, পালটা অভিযোগ আর রাজনৈতিক চাপানউতোর। ঠিক এই আবহেই নতুন করে বিতর্ক উসকে দিলেন বিজেপির (BJP) রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ (Anant Maharaj)। এসআইআর শুনানিতে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের হেনস্তা করা হচ্ছে—এই অভিযোগ তুলে তিনি সরাসরি নির্বাচন কমিশনে (Election Commission) চিঠি পাঠান। বিজেপির একজন সাংসদের মুখে এমন অভিযোগ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। কারণ, যে এসআইআর প্রক্রিয়ার পক্ষে বিজেপি লাগাতার সওয়াল করছে, সেই প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে দাঁড় করালেন দলেরই সাংসদ।

আরও পড়ুন: Abhishek Banerjee: “বিজেপি সাংসদই প্রধানমন্ত্রীকে বাংলাদেশি বলছেন!” অনন্তের মন্তব্য হাতিয়ার করে আক্রমণাত্মক অভিষেক

এর আগেও এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন অনন্ত মহারাজ (Anant Maharaj)। দিন কয়েক আগে তিনি দাবি করেন, যাঁদের নাম এসআইআর তালিকায় থাকবে না, তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এমনিতেই এসআইআর নিয়ে বহু সাধারণ মানুষ উদ্বিগ্ন। তার মধ্যে একজন জনপ্রতিনিধির মুখে এই ধরনের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। প্রশ্ন ওঠে, দায়িত্বশীল পদে থাকা কেউ কীভাবে এমন ভয় ধরানো বক্তব্য রাখতে পারেন।

বিতর্কের রেশ তখনও কাটেনি, তার মধ্যেই আরও এক ধাপ এগিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বাংলাদেশি’ বলে মন্তব্য করেন অনন্ত মহারাজ (Anant Maharaj)। এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তাঁর এই বক্তব্য ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। রাজনৈতিক বিরোধীরা যেমন তাঁকে কটাক্ষ করতে শুরু করে, তেমনই দলের অন্দরেও অস্বস্তি বাড়তে থাকে। এবার আবার রাজবংশীদের হেনস্তার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি পাঠানোয় সেই অস্বস্তি আরও গভীর হয়েছে।

চলতি বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের মুখে এসআইআর প্রসঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজের অভিযোগ তুলেছে। তাদের দাবি, ভোটার তালিকার নামে সাধারণ মানুষকে ভয় দেখানো ও হেনস্তা করা হচ্ছে। এসআইআর শুনানির বিরুদ্ধেও একাধিকবার সরব হয়েছে ঘাসফুল শিবির। যদিও বিজেপি এই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, ভোটার তালিকা থেকে ভুয়ো ও বেআইনি নাম বাদ দিতেই এসআইআর, এখানে হেনস্তার কোনও প্রশ্নই ওঠে না।

এই অবস্থায় দলের সরকারি অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য ও অভিযোগ করে অনন্ত মহারাজ যে বিজেপির জন্য বাড়তি সমস্যা তৈরি করছেন, তা স্পষ্ট। এসআইআর ইস্যুতে বিরোধীদের আক্রমণের মুখে দাঁড়িয়ে বিজেপি যখন নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে, তখন দলেরই এক সাংসদের এমন বক্তব্য রাজনৈতিকভাবে যে যথেষ্ট অস্বস্তিকর, তা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole