নিউজ পোল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) ও তাঁর পরিবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি (ED) সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের মোট ১০টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তিগুলির মধ্যে রয়েছে মন্ত্রীর স্ত্রী ও দুই পুত্রের নামে থাকা একাধিক ফ্ল্যাট, বসতবাড়ি ও জমি। শুক্রবার কলকাতার বিচার ভবনে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়টি আদালতকে জানায় ইডি।
তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের কাছ থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে শতাধিক প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। সেই তালিকাতেই রয়েছে চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) নাম। এই তথ্যের ভিত্তিতেই ইডি আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করে। যদিও প্রথমদিকে রাজভবন থেকে চার্জশিট দাখিলের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় নথি না পাওয়ায় আইনি জটিলতা তৈরি হয়েছিল। পরে রাজ্যপালের অনুমতি মিলতেই সেই সমস্যা কাটে। রাজ্যপালের অনুমোদনের নথি আদালতে জমা দেওয়ার পরই চার্জশিট গ্রহণ করা হয়।
এর আগেও একাধিকবার চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। তাঁর বাড়িতে টানা প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চলে। সেই সময় নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। পাশাপাশি একটি মোবাইল ফোনও আটক করা হয়, যা তদন্তে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইডি। এরপর একাধিকবার মন্ত্রীকে তলব করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘ সময় ধরে।
চার্জশিট দাখিলের পর আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন চন্দ্রনাথ সিনহা। পুজোর আগেই এই মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন পান তিনি। আদালত স্পষ্ট নির্দেশ দেয়, তদন্তে সব রকমভাবে সহযোগিতা করতে হবে তাঁকে। সেই নির্দেশ মেনেই সল্টলেকে ইডির দপ্তরে হাজিরা দেন রাজ্যের কারামন্ত্রী। ইডির সাম্প্রতিক এই পদক্ষেপে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাপ আরও বাড়ল রাজ্যের শাসক শিবিরের উপর। তদন্তকারীরা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন, আর্থিক লেনদেন ও সম্পত্তির উৎস খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
