সিপিএম কংগ্রেসের পার্টি অফিসে হামলার অভিযোগ ঘিরে সরগরম রাজারহাট, তির বিজেপির দিকে

Uncategorized

নিউজপোল ব্যুরো: দশমীর রাতে রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রাজারহাটের বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েতের বসিনা মণ্ডলপাড়া এবং শিবতলা এলাকায়। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক পীযূষ কানোড়িয়া।

সিপিএম নেতা সপ্তর্ষি দেবের অভিযোগ, বুধবার বিজয়া দশমীর রাতে পার্টি অফিসে কেউ না থাকার সুযোগ নিয়ে হামলা চালানো হয়। রাত প্রায় তিনটে নাগাদ অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি তাঁর। তাঁর আরও অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও রাজারহাট এলাকায় সিপিএমের একাধিক পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুরনো এই কার্যালয়টি দখলের চেষ্টাও করা হয়েছিল বলে দাবি সিপিএমের।

একই রাতে রাজারহাটের শিবতলা এলাকায় কংগ্রেসের পার্টি অফিসেও হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় কংগ্রেস নেতা আব্দুল মোহিতের দাবি, মোটরবাইকে চেপে একাধিক ব্যক্তি এসে অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এরপর দফতরের জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। বসিনা মণ্ডলপাড়ায় সিপিএমের কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বেই কংগ্রেসের এই অফিস অবস্থিত বলে জানা গিয়েছে।

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিধায়ক পীযূষ কানোড়িয়া। তাঁর দাবি, বিজেপির কোনও নেতৃত্ব এই ভাঙচুরের সঙ্গে যুক্ত নয়। প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।