নিউজপোল ব্যুরো: মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে সৌদি আরবে ফের হামলার ঘটনায় বাড়ল উদ্বেগ। দাম্মামের কিং ফহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিক-সহ দু’জনের। আহত হয়েছেন আরও আটজন। বুধবার, ২১ অক্টোবর রাতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ভারত, ইয়েমেন ও বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে।
সৌদি আরবের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের সম্পত্তির ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
ঘটনার পর ভারতীয় দূতাবাস নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানানো হয়েছে। সৌদি আরবে বসবাসকারী ভারতীয়দেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াধের ভারতীয় দূতাবাস। আকাশপথে হামলার সতর্কবার্তা পেলে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে।
প্রাথমিক ভাবে হামলার জেরে কয়েকটি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছিল। পরে বিমানবন্দরের কাজকর্ম স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদির বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে দাম্মামের এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। ঘটনার তদন্ত চালাচ্ছে সৌদি কর্তৃপক্ষ।
