নিউজপোল ব্যুরো: বাঙালির দুর্গাপুজো শেষ হতেই রাজ্যের রাজনীতিতে নতুন করে তৎপরতা বাড়ছে। এবার নজর আসন্ন পুরনির্বাচনের দিকে। সেই ভোটকে সামনে রেখে সংগঠন ও প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি জোরদার করতে চলেছে বিজেপি। বৃহস্পতিবার রাতে কলকাতায় আসার কথা বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের। শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, সেখানে কলকাতা ও হাওড়া-সহ আসন্ন পুরভোটে দলের প্রস্তুতি, সম্ভাব্য প্রার্থী এবং সংগঠনের কাজকর্ম নিয়ে আলোচনা হতে পারে।
সূত্রের দাবি, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে অক্টোবরের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচনে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, নভেম্বর মাসে কলকাতা, হাওড়া-সহ সাতটি পুরনিগম ও পুরসভায় নির্বাচন হতে পারে। তবে এই সম্ভাবনা নিয়ে এখনও কোনও সরকারি ঘোষণা নেই। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একাধিক দিক খতিয়ে দেখছে বিজেপি বলে খবর। কোন ওয়ার্ডে কাকে প্রার্থী করা হবে, স্থানীয় স্তরে কার গ্রহণযোগ্যতা বেশি এবং সংগঠনের পরিস্থিতি কেমন—এসব বিষয় নিয়ে চলছে আলোচনা। সূত্রের দাবি, তৃণমূলের টিকিটে আগে পুরসভায় জয়ী হওয়া কয়েকজন সদস্যও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কথা বলছেন বলে জানা যাচ্ছে। তবে এ বিষয়ে বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শুধু আসন্ন সাতটি পুরসভা বা পুরনিগমের ভোট নয়, আগামী বছরের সম্ভাব্য পুরনির্বাচনগুলির প্রস্তুতিও আগেভাগে শুরু করতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই সাংগঠনিক স্তরে রদবদলের পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। রাঢ়বঙ্গ, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা-সহ প্রায় ১০টি সাংগঠনিক জেলার কমিটিতে পরিবর্তন আসতে পারে বলে জল্পনা চলছে। সূত্রের খবর, ৩০ অক্টোবর নির্বাচন কমিশন দুই পক্ষকে শুনানির জন্য ডেকেছে। এখন নজর শুক্রবারের বৈঠক এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকার দিকে।
