পুজো শেষ, এবার কি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের হানা? ২৫ অক্টোবরের পর অন্ধ্র-ওড়িশা নাকি বাংলা— কোন উপকূলের দিকে ঘুরবে ঝড়ের মুখ?

আবহাওয়া রাজ্য

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর মরশুম শেষ হতে না হতেই বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্দামান সাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে। অনুকূল আবহাওয়া পেলে সেটি প্রথমে নিম্নচাপ, পরে গভীর নিম্নচাপ এবং শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এখনই ঝড় তৈরি হওয়া বা তার গতিপথ নিশ্চিত নয়।

আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা Weather Ultima-র ২২ অক্টোবরের বুলেটিন অনুযায়ী, থাইল্যান্ড উপসাগর ও থাইল্যান্ডের উপর দিয়ে এগিয়ে আসা সিস্টেমটি গত ৪৮ ঘণ্টায় আন্দামান সাগরে প্রবেশ করেছে। বর্তমানে সেটি উত্তর-মধ্য আন্দামান সাগরের উপর অবস্থান করছে। আগামী কয়েক দিনে এই সিস্টেমের শক্তি ও গতিপথের দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে সিস্টেমটি আন্দামান দ্বীপপুঞ্জ পেরিয়ে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। এরপর ২৪ থেকে ২৯ অক্টোবরের মধ্যে সেটি মধ্য বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকলে ২২-২৩ অক্টোবরের মধ্যে নিম্নচাপ, ২৩-২৪ অক্টোবরের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ এবং ২৪-২৫ অক্টোবরের মধ্যে আরও শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত সিস্টেমটি কোন দিকে এগোবে? প্রাথমিক বিশ্লেষণে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে পরে গতিপথ বদলে উত্তর বা উত্তর-পূর্ব দিকে ঘুরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এগোবে কি না, তা এখনই নিশ্চিত নয়। তাই বাংলায় সরাসরি প্রভাব পড়বে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর সময় আসেনি। এদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েক দিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে টানা বৃষ্টি ও খারাপ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। পর্যটক এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের আবহাওয়ার আপডেট দেখে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখার কথাও বলা হয়েছে।