নিউজপোল ব্যুরো: ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আধারের সঙ্গে ব্যাঙ্কের সংযোগ করা হয়নি কিংবা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অ্যাকাউন্ট? এমন সমস্যার সমাধানে রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। আর্থিক পরিষেবার আওতার বাইরে থাকা যোগ্য পরিবারগুলিকে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করতেই এই উদ্যোগ।
২১ অক্টোবর থেকে শুরু হওয়া Financial Inclusion স্যাচুরেশন ক্যাম্পেন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি, বিভিন্ন ব্যাঙ্ক এবং জেলা প্রশাসনের সমন্বয়ে এই কর্মসূচি পরিচালিত হবে।
কোন কোন পরিষেবা মিলবে?
এই শিবিরে প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে। পাশাপাশি আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, রি-কেওয়াইসি (Re-KYC), সেন্ট্রাল কেওয়াইসি এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্ট পুনরায় চালুর ব্যবস্থা থাকবে। অ্যাকাউন্টে নমিনির তথ্য আপডেট করার সুযোগও মিলবে।
এ ছাড়া প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করা যাবে। কৃষকদের জন্য কিষান ক্রেডিট কার্ডের আবেদন এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সুবিধা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রত্যন্ত এলাকার বাসিন্দা এবং দুর্বল আদিবাসী পরিবারগুলিকে। পাশাপাশি সাইবার প্রতারণা এড়াতে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা সম্পর্কেও সচেতন করা হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা এই শিবিরের মাধ্যমে যোগ্য পরিবারগুলির কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।
