নিউজপোল ব্যুরো:বিগ বস বাংলার ঘরে ফের উত্তেজনা তুঙ্গে! এবার কয়েন হারানোকে কেন্দ্র করে তুমুল বচসায় জড়ালেন দুর্নিবার সাহা ও রাজবীর দে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, দু’জনকে সামলাতে ছুটে আসেন বাড়ির অন্যান্য প্রতিযোগীরা।
ঘটনার সূত্রপাত দুর্নিবারের লাক্সারি টাস্কে জমানো কয়েন খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে। অভিযোগ, দুর্নিবার ঘুমিয়ে থাকার সময় তনুশ্রী কয়েনগুলি সরিয়ে দিয়েছিলেন। কয়েন খুঁজে না পেয়ে বিরক্ত দুর্নিবারকে সকালে তাড়াতাড়ি ওঠার পরামর্শ দেন রাজবীর। এতেই ক্ষুব্ধ হয়ে রাজবীরকে ‘শাট আপ’ বলেন দুর্নিবার। পাল্টা তাঁকে কটাক্ষ করেন রাজবীর। এরপরই দু’জনের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন অন্য প্রতিযোগীরা।
ঘটনার পর বিগ বস দু’জনকেই সতর্ক করেন। দুর্নিবার নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও রাজবীর ক্ষোভ প্রকাশ করেন। তাঁকে কমফেশন রুমে না ডাকলে মাইক খুলে ফেলার হুঁশিয়ারি দেন তিনি। পরে বিগ বসের নির্দেশ অমান্য করে সত্যিই মাইক খুলে ফেলেন রাজবীর।
এরপর দুর্নিবারকে ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আগামী দু’সপ্তাহ ক্যাপ্টেন পদে মনোনয়নের সুযোগও হারান তিনি। অন্যদিকে, বিগ বসের সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজবীর ঘর ছেড়ে বেরিয়ে যান। পরে নন্দিনী তাঁকে শান্ত করেন। এই ঘটনার জেরে আগামী দিনে বিগ বসের ঘরে নতুন করে কী বিতর্ক তৈরি হয়, এখন সেটাই দেখার।
