নিউজপোল ব্যুরো: কলকাতা ও হাওড়ার পুরভোট ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক তৎপরতা। সব ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে হতে পারে পুরভোট। হাতে সময় কম থাকায় প্রার্থী বাছাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের নাম থাকতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমবার কলকাতা পুরনিগমে গেলে তাঁর সভায় উপস্থিত থাকতে দেখা গিয়েছিল তৃণমূলের একাধিক কাউন্সিলরকে। তাঁদের মধ্যে ছিলেন জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার ও কাজরী বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচিত মুখ। তাঁদের মধ্যে কয়েকজনকে বিজেপি পুরভোটে প্রার্থী করতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
সূত্রের খবর, প্রার্থী বাছাই ও পুরভোটের প্রস্তুতি নিয়ে শুক্রবার সুনীল বনশলের নেতৃত্বে বৈঠকে বসতে পারে বিজেপি। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে দলের প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে বলেও শোনা যাচ্ছে। পুর প্রশাসনের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রাক্তন কাউন্সিলরদের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
এই জল্পনা নিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের কটাক্ষ, যাঁদের বিরুদ্ধে এতদিন আন্দোলন করেছে বিজেপি, তাঁদেরই দলে নিলে দলের প্রার্থী সংকট নিয়ে প্রশ্ন উঠবে। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, মানুষ শুধু জামা পরিবর্তনের জন্য ভোট দেয়নি। ফলে শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের জায়গা হয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলে
