West Bengal cabinet expansion:অবশেষে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে শুভেন্দু মন্ত্রিসভা! সোমবার লোক ভবনে শপথ নেবেন আরও ৩৫ বিজেপি বিধায়ক

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:মুখ্যমন্ত্রী-সহ বর্তমান ছয় সদস্যের মন্ত্রিসভার সঙ্গে (West Bengal cabinet expansion) আরও ৩৫ জন নতুন সদস্য যুক্ত হলে রাজ্য মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১-এ। শপথগ্রহণ অনুষ্ঠানের সময়ও বিষয়টি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:Kalyan Banerjee:চণ্ডীতলা থানায় ডেপুটেশন ঘিরে উত্তেজনা, মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

সোমবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের মাধ্যমে শপথ নিতে চলেছেন ৩৫ জন নতুন মন্ত্রী। লোক ভবনে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠানেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে বলে জানা গিয়েছে। শপথগ্রহণে কারা থাকবেন, সেই তালিকাও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রবিবার সমাজমাধ্যমে করা এক পোস্টে তিনি লেখেন, “আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভার সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১টায় লোক ভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।”

উল্লেখ্য, ৪ মে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের মতো বাংলায় ক্ষমতায় আসে বিজেপি। ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রীও সেই সময় শপথগ্রহণ করেন। সেই থেকেই মন্ত্রিসভার (West Bengal cabinet expansion) সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দিল্লিতে পৃথকভাবে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এরপরই মন্ত্রিসভা সম্প্রসারণ যে কোনও সময় হতে পারে বলে জল্পনা আরও জোরদার হয়। অবশেষে জুন মাসের শুরুতেই সেই প্রক্রিয়া বাস্তবায়িত হতে চলেছে।

বর্তমানে মুখ্যমন্ত্রী-সহ ছয় সদস্যের মন্ত্রিসভার সঙ্গে আরও ৩৫ জন যুক্ত হলে মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১। সংবিধান অনুযায়ী, কোনও রাজ্যের বিধানসভার মোট সদস্যসংখ্যার ১৫ শতাংশের বেশি মন্ত্রী হতে পারেন না। সেই হিসাবে ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বাধিক ৪৪ জন মন্ত্রী রাখা সম্ভব।

রাজ্য বিজেপির একটি সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠনে সময় নেওয়ার পিছনে রয়েছে কৌশলগত কারণও। এ বারের নির্বাচনে রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকেই বিজেপি উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে। তাই দলীয় শীর্ষ নেতৃত্ব চাইছে, নতুন মন্ত্রিসভায় জেলার ভিত্তিতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক। সেই কারণেই পরিকল্পিতভাবে সম্প্রসারণ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

মনে করা হচ্ছে, সোমবার শপথগ্রহণ শেষ হওয়ার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করতে পারেন। তবে ২০৮ জন বিজয়ী বিধায়কের মধ্যে কাদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ইঙ্গিত দেননি মুখ্যমন্ত্রী।