নিউজপোল ব্যুরো: উৎসবের আলোয় যখন সেজে ওঠে চারপাশ, তখন শিল্পের হাত ধরেই সমাজের প্রতি নিজের দায়বদ্ধতার বার্তা দিতে চান কলকাতার গৃহবধূ পাপিয়া কর। তাঁর কাছে দুর্গা প্রতিমা তৈরি নিছক শখ নয়, বরং সৃজনশীলতার মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এক বিশেষ ভাবনা। সংসারের ব্যস্ততা সামলেও গত ১৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে নিজের হাতে দুর্গা প্রতিমা গড়ে চলেছেন তিনি।
পাপিয়া কোনও বছর একটি, আবার কোনও বছর দুটি প্রতিমা গড়েছেন তিনি। এবারের প্রতিমায় তাঁর বিশেষ আকর্ষণ বাংলার ঐতিহ্যবাহী ডোকরা শিল্প। প্রাচীন এই লোকশিল্পকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাঁর এই অভিনব ভাবনা।
ডোকরা শিল্পে আগে কোনও প্রশিক্ষণ না থাকলেও বই ও ছবি দেখে নিজেই কাজ শিখেছেন পাপিয়া। কাগজ, টিন, ধাতব তার, ওয়াশার এবং ইলেকট্রিক তারের মতো উপকরণ ব্যবহার করে প্রতিমাকে দিয়েছেন ডোকরা শিল্পের আদল। প্রায় ১০ মাসের পরিশ্রমে তৈরি হয়েছে এই প্রতিমা। খরচ হয়েছে প্রায় ৩৫ থেকে ৩৬ হাজার টাকা।
তাঁর এই শিল্পসাধনার সঙ্গে জড়িয়ে রয়েছে মানবিকতার বার্তাও। শিল্পকে কীভাবে মানুষের কল্যাণের ভাবনার সঙ্গে যুক্ত করা যায়, পাপিয়ার উদ্যোগ সেই প্রশ্নই সামনে আনে। তাঁর এই প্রচেষ্টা বাংলার লোকশিল্পের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার কথাও মনে করিয়ে দেয়।
