নিউজ পোল ব্যুরো:রবিবার সকালেই কামারহাটিতে তৃণমূল বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনার সূত্রপাত হয়। তাঁর সঙ্গে যুক্ত বলে পরিচিত ‘উদয় ভিলা’ নামক একটি ভবনে পুলিশের তল্লাশি অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোনারপুর ও কালীঘাট-কেন্দ্রিক রাজনৈতিক টানাপোড়েনের আবহে এই ঘটনাকে ঘিরে নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল।
তল্লাশির খবর প্রকাশ্যে আসতেই কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র (Madan Mitra)। অভিযোগ ও জল্পনা উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ভবনটি তাঁর ব্যক্তিগত বা রাজনৈতিক কার্যালয় নয়। তাঁর বক্তব্য, এটি একটি মহিলা সমবায় সমিতির (কো-অপারেটিভ) অফিস। পুলিশি অভিযানে তিনি বিচলিত নন বলেও স্পষ্ট করে জানান। তাঁর কথায়, তদন্ত চলতেই পারে, তবে তাতে ভয় পাওয়ার কোনও কারণ নেই।
অভিযান প্রসঙ্গে ‘গুড্ডু’ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচিতি নিয়ে প্রশ্ন উঠলে মদন মিত্র স্বীকার করেন যে তিনি ওই ব্যক্তিকে চেনেন। তবে গোটা ঘটনাটির নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই ইঙ্গিত দেন তিনি। একইসঙ্গে বিরোধীদের উদ্দেশে কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “পুলিশ দিয়ে ভয় দেখানো যাবে না। সাহস থাকলে সিবিআই বা ইডি তদন্ত করানো হোক।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষ দল কামারহাটির ওই ভবনে তল্লাশি চালায়। অভিযানের সময় ভবনটি সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় ছিল এবং সেখানে মদন মিত্র উপস্থিত ছিলেন না। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তদন্তকারীদের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী তল্লাশি শেষে ভবনটি পুনরায় সিল করে পুলিশ বাহিনী সেখান থেকে চলে যায়।
তদন্তকারী মহলের দাবি, ‘উদয় ভিলা’ নামে পরিচিত ওই ভবনটি একটি বিতর্কিত জমির উপর নির্মিত। প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, যে জমির উপর ভবনটি গড়ে উঠেছে তা নাকি একটি কেন্দ্রীয় সরকারি সংস্থার মালিকানাধীন। যথাযথ অনুমোদন ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, এবং কেন্দ্রীয় সংস্থার জমিতে কীভাবে এই নির্মাণ সম্ভব হল, সেই বিষয়টি খতিয়ে দেখতেই পুলিশের এই আকস্মিক তল্লাশি অভিযান বলে সূত্রের খবর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই তীব্র আকার ধারণ করেছে। একদিকে প্রশাসনের তদন্ত, অন্যদিকে মদন মিত্রের প্রকাশ্য চ্যালেঞ্জ— সব মিলিয়ে ‘উদয় ভিলা’ ঘিরে বিতর্ক আগামী দিনে আরও গভীর হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।
