West Bengal assembly Election:রাজ্যের আইনশৃঙ্খলায় সন্তুষ্ট নির্বাচন কমিশন, অতিরিক্ত ভোটার তালিকা নিয়ে আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আপাতত উদ্বেগজনক নয় বলেই মনে করছে নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের ফুল বেঞ্চ তিন দিনের জন্য রাজ্য সফরে এসে প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছে। সেই সফরের পর দিল্লিতে ফিরে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার –এর নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই প্রাথমিকভাবে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

আরও পড়ুন: ।Mamata Banerjee: যুদ্ধের কোপে জ্বালানি দহন, কেন্দ্রকে দায়ী করে সোমবার পথে নামছেন মমতা

তবে ভোটকে সামনে রেখে বিভিন্ন কেন্দ্রীয় ও প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে কিছু অসন্তোষ প্রকাশ করেছে কমিশন। বিশেষ করে Reserve Bank of India, Airports Authority of India, Narcotics Control Bureau এবং Income Tax Department–সহ একাধিক সংস্থার কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সূত্রের খবর, নির্বাচনের আগে এই সংস্থাগুলির শীর্ষ কর্তাদের দিল্লিতে তলব করা হয়েছে। গত এক বছরে বেআইনি আর্থিক লেনদেন, মাদক পাচার বা অন্য অবৈধ কর্মকাণ্ড রুখতে তারা কী কী পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত রিপোর্টও চেয়েছে কমিশন।এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসতে পারেন টি. এস. শিবজ্ঞানম, যিনি হাইকোর্ট–এর প্রধান বিচারপতি। নির্বাচন প্রস্তুতির মাঝেই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর পাশাপাশি সুপ্রিম কোর্ট নির্বাচনী সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ বাস্তবায়নের উপায় নিয়েও প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, কমিশন সূত্রে খবর, রাজ্যের মোট ২৫টি প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকেরও আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে ছ’টা পর্যন্ত দুই দফায় এই বৈঠক হবে। দিল্লিতে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট সংস্থাগুলির শীর্ষ কর্তারা। নির্বাচন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতেই এই ধারাবাহিক বৈঠকগুলির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।