SIR: রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে ত্রুটি! ১ কোটিরও বেশি তথ্যে ‘গলদ’ নিয়ে কমিশন সন্দিহান

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের ভোটার তালিকা যাচাইয়ে উঠে এল বিস্ময়কর গরমিলের পরিসংখ্যান। প্রায় ১ কোটি ৬৭ লক্ষেরও বেশি ভোটারের তথ্য নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সদ্য প্রস্তুত হওয়া এসআইআর (Systematic Investigation Report)–এ দেখা যাচ্ছে, ভোটারদের ব্যক্তিগত তথ্যের একাধিক জায়গায় অস্বাভাবিক ভুল রয়েছে, যা কমিশনকে নতুন করে বিস্তৃত তদন্তে নামতে বাধ্য করেছে।

আরও পড়ুন: Delhi Pollution : দিল্লিতে কয়লার তন্দুরে নিষেধাজ্ঞা, খাঁটি তন্দুরি স্বাদ কি তবে ইতিহাস?

সবচেয়ে বড় গলদ ধরা পড়েছে ৮৫ লক্ষ ভোটারের বাবার নাম-সংক্রান্ত তথ্য থেকে। বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ভোটার তালিকায় বাবার নাম সঠিকভাবে লিপিবদ্ধ হয়নি কিংবা পরিবারের ভেতরেই গুলিয়ে গেছে। আরও চমকপ্রদ বিষয় সাড়ে ১৩ লক্ষ ভোটারের ক্ষেত্রে একই ব্যক্তির নাম বাবা এবং মা, উভয় জায়গায় উঠে এসেছে। অর্থাৎ পরিবারে একজনের বাবার নাম ভুলবশত অন্য সদস্যের মায়ের নাম হিসাবে নথিভুক্ত হয়েছে।

কমিশনের উদ্বেগ আরও বেড়েছে বয়স-সম্পর্কিত অসঙ্গতি দেখে। রিপোর্ট বলছে, রাজ্যে ১১ লক্ষ ৯৫ হাজারের বেশি ভোটারের ক্ষেত্রে বাবার বয়সের সঙ্গে সন্তানের বয়সের হিসেব কোনোমতেই মেলে না। অর্থাৎ নথি অনুযায়ী, বহু বাবাই নাকি ১৫ বছরের আগেই সন্তানের জন্ম দিয়েছেন যা বাস্তবে অসম্ভব।অন্যদিকে, প্রায় ৩ লক্ষ ৪৫ হাজার ভোটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মাত্র ৪০ বছর বয়সেই ঠাকুরদা হয়ে গেছেন তারা। বয়সের এই অস্বাভাবিক অসামঞ্জস্য কমিশনকে আরও সতর্ক করেছে।

এছাড়াও অবাক করার মতো তথ্য রাজ্যে ২৪ লক্ষ ২১ হাজার ভোটার এমন আছেন যাদের সন্তান সংখ্যা নথি অনুযায়ী ৬ জন, এবং অনেক ক্ষেত্রেই পরিবারের সদস্যের সম্পর্কের ট্যাগিং সম্পূর্ণ গুলিয়ে গেছে। সব মিলিয়ে, নাম, বয়স, পরিবারের তথ্য প্রায় প্রতিটি ক্ষেত্রে এক বড় অংশের ভোটার তথ্য পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে।কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই বিপুল সংখ্যক ভোটারকে হিয়ারিং বা শুনানি-র জন্য ডাক পাঠানো হতে পারে। তার আগে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে তথ্য পুনরায় যাচাই করবেন। তথ্য মিল না হলে বা সন্দেহ থেকে গেলে ভোটারদের শুনানিতে হাজির হতে হবে। এই পুরো প্রক্রিয়ায় রোল অবজারভারদের দায়িত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে কমিশন জানিয়েছে। কারণ এত বৃহৎ ডেটা-গড়মিল শুধুমাত্র মাঠপর্যায়ের সঠিক কাজের মাধ্যমেই সংশোধন করা সম্ভব।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole