নিউজ পোল ব্যুরো: ইন্ডিগোর (INDIGO) সাম্প্রতিক পরিষেবা বিপর্যয় ঘিরে যখন দেশের যাত্রীদের ক্ষোভ তুঙ্গে, ঠিক সেই সময়ই লোকসভায় বিমানভাড়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু (Ram Mohan Naidu)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে সাময়িকভাবে ভাড়া নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও সারা বছরের বিমানভাড়া সরকার স্থির করে দিতে পারে না। তার বক্তব্য, বিমান বাজারকে উন্মুক্ত রাখাই সরকারের লক্ষ্য।
আরও পড়ুন: SIR: রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে ত্রুটি! ১ কোটিরও বেশি তথ্যে ‘গলদ’ নিয়ে কমিশন সন্দিহান
নায়ডুর মতে, উৎসবের মৌসুম বা যাত্রী চাহিদা বেশি থাকলে বিমানভাড়া (INDIGO) স্বাভাবিকভাবেই বাড়ে, যা বাজারব্যবস্থার নীতি অনুযায়ী যুক্তিযুক্ত। এই অবস্থায় সারা বছরের ভাড়া বেঁধে দেওয়া হলে পরিকাঠামো, প্রতিযোগিতা ও পরিষেবার মান ক্ষতিগ্রস্ত হবে। ফলে বাজারের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। ইন্ডিগোর (INDIGO) পরিষেবায় ত্রুটি দেখা দেওয়ার পর অভিযোগ উঠেছিল বিভিন্ন বিমান সংস্থা সুযোগ নিয়ে অস্বাভাবিক ভাড়া নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র তখনই সাময়িকভাবে ভাড়া-সীমা নির্ধারণ করে দেয়, জানিয়ে দেয়, পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মূল্যবিধি কার্যকর থাকবে। কিন্তু যাত্রীদের একাংশ দাবি করেন, নিয়ন্ত্রণ আরোপ করেও ভাড়ার উল্লম্ফন পুরোপুরি থামানো যায়নি।
অনেক মধ্যবিত্ত যাত্রী অভিযোগ করেছেন, শুধু উৎসব বা জরুরি পরিস্থিতি নয় বছর জুড়েই কোনও না কোনও সময়ে বিমান সংস্থাগুলি ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে থাকে। বিশেষ করে যেসব সংস্থার যাত্রী সংখ্যার বড় অংশ মধ্যবিত্ত, তাদের ওপরই ভাড়ার এই বাড়তি চাপ বেশি পড়ে। তাই দীর্ঘমেয়াদি সমাধানের দাবি অনেকদিন ধরেই উঠছে জনমহলে। তবে মন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়েছে সরকার দীর্ঘমেয়াদি ভাড়া নিয়ন্ত্রণের পথে হাঁটতে চাইছে না। তার কথায়,“বাজারকে বিস্তৃত হওয়ার সুযোগ দিতে হবে। বেশি সংস্থা এলে প্রতিযোগিতা তৈরি হবে, আর তাতেই যাত্রীরা লাভবান হবেন।”
উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক বিভ্রাটের পর কেন্দ্র যে ভাড়া-সীমা নির্ধারণ করেছিল, তা ছিল—
৫০০ কিমি পর্যন্ত সর্বোচ্চ ৭,৫০০ টাকা,
৫০০–১০০০ কিমি দূরত্বে সর্বোচ্চ ১২,০০০ টাকা,
১০০০–১৫০০ কিমি দূরত্বে সর্বোচ্চ ১৫,০০০ টাকা,
১৫০০ কিমির বেশি দূরত্বে সর্বোচ্চ ১৮,০০০ টাকা।
কেন্দ্র জানিয়েছিল, এই সীমা মূলত জরুরি যাত্রা, বিশেষ করে প্রবীণ, অসুস্থ ও ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার জন্য। তবে মন্ত্রীর সর্বশেষ মন্তব্যে জোরালোভাবে উঠে এসেছে স্থায়ীভাবে বিমানভাড়া নিয়ন্ত্রণে আনার কোনও ইচ্ছাই সরকারের নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
