নিউজ পোল ব্যুরো: বাংলাসহ দেশের বারোটি রাজ্যে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ SIR এর কাজ এখন জোরকদমে চলছে। পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এবং নির্বাচন কমিশনের (Election Commission) পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি সামনে আসবে চূড়ান্ত তালিকা। এই পরিস্থিতিতে অনেকেই বিশেষ করে উদ্বাস্তু পরিবার এবং মতুয়া সমাজের মানুষ দুশ্চিন্তায় রয়েছেন, কারণ খসড়া তালিকায় ঠিক কতগুলি নাম বাদ পড়তে পারে তা নিয়ে নানা জল্পনা চলছে।
আরও পড়ুন: INDIGO: ইন্ডিগো ঘটনায় ‘দায় ঝাড়লেন’ বিমান পরিবহণ মন্ত্রী, ভাড়া বেঁধে দিতে নারাজ
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বিজেপির বাঙালি সাংসদদের সঙ্গে বৈঠকে এই উদ্বেগের প্রসঙ্গ তোলেন। তিনি তাঁদের পরামর্শ দেন এসআইআর (SIR) সংক্রান্ত বিষয় মানুষকে বুঝিয়ে শান্ত করতে, যাতে অযথা আতঙ্ক না ছড়ায় বিশেষত মতুয়া সম্প্রদায়ের মধ্যে। এরই মাঝে এই সংবেদনশীল পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন এবং একসঙ্গে উদ্বাস্তু ও মতুয়া ভোটব্যাঙ্কে পৌঁছনোর লক্ষ্যেই তিনি নদিয়া জেলার রানাঘাটের তাহেরপুরে একটি জনসভায় বক্তব্য রাখবেন বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। তাহেরপুর দীর্ঘদিন ধরেই উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত, ফলে সেখানে সভা করা কেন্দ্রের শাসকদলের কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
আগামী ২০ ডিসেম্বর এই জনসভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সেখানে মাঠ প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, সভার মঞ্চ থেকে কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মোদীর এই সফর আগামী নির্বাচনের আগে দলের প্রচারে নতুন মাত্রা যোগ করবে। তাঁর কথায়, বিহারে গেরুয়া শিবিরের সাফল্যের পর প্রধানমন্ত্রী বলেছিলেন যে রাজনৈতিক স্রোত বাংলার দিকেও ঘুরতে পারে; তাই এ রাজ্যেও পরিবর্তনের আশা করছে বিজেপি।
রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, ঠাকুরনগরের পাশাপাশি নদিয়ার রানাঘাট এলাকা এখন মতুয়াদের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এসআইআরের (SIR) সংবেদনশীল সময়েই এই অঞ্চল থেকে প্রচার শুরু করে মতুয়া সমাজের আস্থা অর্জনের চেষ্টা করাই বিজেপির প্রধান লক্ষ্য। আগামি ছয়–সাত মাসে মোদির দশটি জনসভা করার পরিকল্পনা রয়েছে যার মধ্যে আলিপুরদুয়ার, দমদম ও দুর্গাপুরে তিনটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তাহেরপুরের সভা দিয়ে নতুন পর্যায়ের প্রচার সূচনা করতে চলেছে গেরুয়া শিবির।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
