ভোটের ময়দান থেকে পঞ্চায়েত অফিস ‘সিল’, রামপুরহাটে বোর্ড গঠন নিয়ে বড় প্রশ্ন

জেলা রাজ্য

নিউজপোল ব্যুরো: আজ রামপুরহাটের বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের ভোট হওয়ার কথা ছিল। সেই ভোটকে ঘিরেই সকাল থেকে এলাকায় ছিল রাজনৈতিক তৎপরতা। কিন্তু ভোট শুরুর আগেই পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় বোমাবাজির ঘটনায় পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পঞ্চায়েত অফিস ঘিরে ফেলেছে বিশাল পুলিশবাহিনী। আর তার জেরেই এখন প্রশ্ন উঠছে, নির্ধারিত দিনে আদৌ বোর্ড গঠনের ভোট হবে কি না।

বোমাবাজির খবর পেয়েই রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পঞ্চায়েত অফিসের ১০০ মিটারের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে যে জায়গায় আজ বোর্ড গঠনের জন্য ভোট হওয়ার কথা, সেই পঞ্চায়েত কার্যালয়ই কার্যত পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে চলে গিয়েছে।

ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি যাতে আর কোনওভাবেই হাতের বাইরে না যায়, সে কারণে পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। বন্ধ রাখা হয়েছে অবাধ যাতায়াতও।

আজকের বোর্ড গঠনের ভোট ঘিরে আগে থেকেই রাজনৈতিক মহলে ছিল নজর। কিন্তু ভোটের দিনই বোমাবাজির ঘটনায় পুরো পরিস্থিতি বদলে গেল। এখন প্রশাসন কী সিদ্ধান্ত নেয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত আজই ভোটের মাধ্যমে বোর্ড গঠন হবে, নাকি নিরাপত্তার কারণে প্রক্রিয়া স্থগিত রাখতে হবে—সেদিকেই তাকিয়ে সকলে।