আইপিএলে প্রথমবার হেডকোচ সৌরভ, দিল্লির ট্রফি-খরা কাটানোর দায়িত্ব ‘দাদা’র কাঁধে’

কলকাতা ক্রীড়া স্বাস্থ্য

নিউজপোল ব্যুরো: আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ২০২৭ মরশুমে দিল্লি ক্যাপিটালসের হেডকোচের দায়িত্ব পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। হেমাঙ্গ বাদানির জায়গায় এবার দলের ডাগআউটে বসবেন ‘দাদা’। আইপিএলে এর আগে দিল্লির সঙ্গে ডিরেক্টর অফ ক্রিকেট এবং মেন্টর হিসেবে কাজ করলেও এই প্রথমবার সরাসরি হেডকোচের দায়িত্ব সামলাবেন তিনি।

দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত আইপিএল ট্রফি জিততে পারেনি। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতেই সৌরভের অভিজ্ঞতা ও নেতৃত্বের উপর ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচিংয়ের দায়িত্বও সামলেছেন সৌরভ। এবার তাঁর লক্ষ্য আইপিএলের মঞ্চে দিল্লিকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে নতুন দায়িত্বের কথা ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। সেখানে সৌরভের বার্তা, “দিল্লির সময় এসে গিয়েছে। টাইগার ইজ ব্যাক।”

শুধু সৌরভ নন, নতুন কোচিং সেটআপেও থাকছে একাধিক চমক। ব্যাটিং কোচ হিসেবে যুবরাজ সিং, স্পিন বোলিং কোচ হিসেবে অমিত মিশ্র এবং পেস বোলিং কোচ হিসেবে চামিন্ডা ব্যাসকে দেখা যাবে।

দলের স্কোয়াড নিয়েও বড় পরিকল্পনা রয়েছে। লখনউ থেকে ঋষভ পন্থের দিল্লিতে ফেরার সম্ভাবনার পাশাপাশি অধিনায়ক অক্ষর প্যাটেলকে সামনে রেখে দল গড়ার কাজ শুরু করবেন সৌরভ। আইপিএল নিলামের আগে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল তৈরিই এখন তাঁর প্রধান লক্ষ্য।