নিউজপোল ব্যুরো:নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়াল বিরোধীরা। SIR প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ এবং কমিশনের ভূমিকা ঘিরে বিতর্কের মধ্যেই আজ দিল্লিতে কমিশন অভিযানে নামছে ইন্ডিয়া জোট। সংসদের মকরদ্বার থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হবে মিছিল। প্রথম সারিতে থাকবেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বিরোধী দলের সংসদীয় নেতারাও মিছিলে অংশ নেবেন। তবে এই কর্মসূচিতে থাকছে না আম আদমি পার্টি ও ডিএমকে। পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে অখিলেশ যাদবও বৈঠকে ছিলেন না, যদিও তাঁর আজ যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে মিছিল ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সংসদ চত্বর থেকে বেরোনোর পরই মিছিল আটকে দেওয়া হতে পারে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও RAF, রয়েছে ব্যারিকেডও।
শুধু আজকের কর্মসূচি নয়, কমিশন-বিরোধী আন্দোলনকে দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে কংগ্রেস। ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিটি ব্লকে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি হবে। সাইকেল ও মোটরবাইক মিছিলের পাশাপাশি লিফলেট বিলি করা হবে। ২৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বুথস্তরে চলবে ‘সেভ ভোট, সেভ কান্ট্রি’ প্রচার। ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের জনসভা এবং ২৫-২৬ নভেম্বর ছয়টি ‘দিল্লি চলো’ মিছিলের পর সংবিধান দিবসে বড় জনসভা করবে কংগ্রেস।
