নিউজপোল ব্যুরো: গুয়াহাটিতে পাকিস্তানি গুপ্তচরচক্রের সঙ্গে যোগাযোগ এবং নিরাপত্তা বাহিনী সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে ফের গ্রেফতার এক ব্যক্তি। সোমবার, ৫ অক্টোবর সাতগাঁও এলাকার একটি ভাড়া বাড়ি থেকে রিতেশ কুমার সিংহ নামে ৩৯ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। তাঁর বাড়ি বিহারের বেগুসরাইয়ে।
পুলিশ সূত্রে খবর, অসম পুলিশের এসটিএফ থানায় নথিভুক্ত ০৯/২০২৬ নম্বর মামলার তদন্তে প্রথমে রিতেশকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, পাকিস্তানি এক গোয়েন্দা আধিকারিকের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না এবং নিরাপত্তা বাহিনী সংক্রান্ত কোনও তথ্য বাইরে পাঠানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই মামলায় রিতেশ দ্বিতীয় অভিযুক্ত। এর আগে ৩-৪ অক্টোবর রাতে সাতগাঁওয়ের গান্ধীনগর এলাকা থেকে ৩১ বছরের অভিষেক কুমার সিংহকে গ্রেফতার করেছিল এসটিএফ। তাঁর বিরুদ্ধেও পাকিস্তানি গোয়েন্দার কাছে সংবেদনশীল তথ্য পাঠানোর অভিযোগ রয়েছে।
এখন রিতেশ ও অভিষেকের মধ্যে যোগাযোগ এবং তাঁদের পিছনে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেজপুরে গজরাজ কোরের সামরিক গোয়েন্দা বিভাগ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মেলে। পুরো ঘটনায় কোনও বড় নেটওয়ার্ক জড়িত কি না, সেটাই এখন তদন্তের মূল বিষয়।
