‘একটাও টাস্ক ঠিকমতো হচ্ছে না’, বিগ বস বাংলায় প্রতিযোগীদের উপর ক্ষুব্ধ প্রসেনজিৎ

বিনোদন রাজ্য

নিউজপোল ব্যুরো: ‘বিগ বস বাংলা’-র দুর্গে রবিবার মানেই ‘দাদার দরবার’। সপ্তাহভর প্রতিযোগীদের নানা কর্মকাণ্ডের খতিয়ান নিয়ে হাজির হন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এ সপ্তাহের পর্বে ছিল একাধিক চমক। সবচেয়ে বড় স্বস্তির খবর, এবার কোনও প্রতিযোগীকেই দুর্গ ছাড়তে হল না। ফলে দুর্নিবার সাহা, ভরত কল এবং নন্দিনী দত্ত—তিনজনই আপাতত নিরাপদে থাকলেন।

এলিমিনেশন ঘিরে দর্শকদের মধ্যে আগে থেকেই ছিল জল্পনা। কিন্তু শেষ পর্যন্ত তিন প্রতিযোগীর কাউকেই বাদ দেওয়া হয়নি। এর মধ্যেই বিশেষ অতিথি হিসেবে মঞ্চে হাজির হন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঘরে প্রবেশ করেই প্রতিযোগীদের পারফরম্যান্স নিয়ে কড়া সুরে অসন্তোষ জানান। তিনি বলেন টাস্কগুলি ঠিকমতো হচ্ছে না। তাঁর মতে, প্রতিযোগীদের আরও মনোযোগ এবং দায়িত্ব নিয়ে খেলায় অংশ নেওয়া প্রয়োজন।

তাঁকে দেখেই আবেগ সামলাতে পারেননি দুর্নিবার সাহা। চোখের জল ধরে রাখতে না পেরে অঝোরে কেঁদে ফেলেন তিনি। দুর্নিবারের স্ত্রী মোহর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক। সেই ব্যক্তিগত সম্পর্কের সূত্রেই অভিনেতাকে সামনে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন গায়ক। মুহূর্তেই বদলে যায় ‘দাদার দরবার’-এর পরিবেশ।

এরপর প্রসেনজিৎ তাঁদের জন্য মিষ্টি দইও নিয়ে আসেন তিনি। পাশাপাশি নিরঞ্জন মণ্ডলের সাহসিকতার প্রশংসা করেন সৌরভ। ফলে আবেগ, প্রশংসা এবং এলিমিনেশন থেকে স্বস্তি—সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে রবিবারের পর্ব।