SSC: পুরনো চাকরিতে ফিরলেন ১৬৬ শিক্ষক, কিন্তু বাড়ির জেলায় নয় দূরবর্তী স্কুলে পোস্টিং

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: এসএসসি (SSC) মামলায় দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে একাংশ শিক্ষক-শিক্ষিকা ফিরে পাচ্ছেন তাঁদের পুরনো চাকরি। নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে প্রথম দফায় ফিরতে চলেছেন মোট ১৬৬ জন। নভেম্বরের ৬ তারিখ তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু আনন্দের সঙ্গেই তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। কারণ অধিকাংশকেই দেওয়া হয়েছে আগের স্কুল বা সেই স্কুলে শূন্যপদ না থাকায় পার্শ্ববর্তী অন্য জেলার কোনও স্কুল। অর্থাৎ বহু শিক্ষককে নিজ জেলায় চাকরি না দিয়ে দূরবর্তী জেলায় পাঠানো হচ্ছে। এসএসসি (SSC) সংক্রান্ত মামলা মিটলেও ভোগান্তি রয়ে গেল অন্য রূপে।

আরও পড়ুন:Shah Rukh Khan: জন্মদিনে বাড়ির বাইরে নয়, ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

একাদশ-দ্বাদশের শিক্ষিকা মালবিকা নন্দী জানান, তিনি দীর্ঘদিন ধরে হুগলির একটি স্কুলে শিক্ষকতা করছেন। ১৮ কিলোমিটার দূরের সেই স্কুলই ছিল তাঁর কর্মস্থল। কিন্তু বর্তমান বিজ্ঞপ্তিতে তাঁর বাসস্থান দেখানো হয়েছে উত্তর ২৪ পরগনা, যা তাঁর বাড়ি থেকে প্রায় ৭০-৭৫ কিলোমিটার দূরে। অনেকের ক্ষেত্রেই একই সমস্যা। কেউ ২০১২ বা ২০১৩ সাল থেকে শিক্ষকতা করছেন, ২০১৬ সালের এসএলএসটি পরীক্ষার পরে নিজ জেলার স্কুলে ফিরে এসেছিলেন। এখন পুরনো চাকরিতে ফেরার অনুমতি মিললেও পোস্টিং আসছে এমন জায়গায়, যেখানে প্রতিদিন যাতায়াত সম্ভব নয়। বহু শিক্ষক অসুস্থতা, বয়স বা পারিবারিক পরিস্থিতির কারণে দূরের জেলায় যাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন। এসএসসি (SSC) সংক্রান্ত আবেদনেও কোনও সুরাহা হয়নি বলে তাঁদের দাবি।

২০১৬ সালের বাতিল প্যানেলের পরে চাকরি হারিয়েছিলেন ২৫,৭৫২ জন। তাঁদের মধ্যে যাঁরা ২০১৬-এর আগে সরকারি পরিষেবায় ছিলেন, তাঁদের পুরনো কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো প্রাথমিক স্তরে ইতিমধ্যেই পুরনো চাকরিতে ফিরেছেন ১,৯৮৯ জন। এবার নবম-দশম এবং একাদশ-দ্বাদশেও সুপারিশপত্র দেওয়া হবে ৫৪৬ জনকে। এসএসসি (SSC) মামলার জেরে অন্যান্য দফতর যেমন বিদ্যুৎ, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরিতেও একাধিক শিক্ষক-শিক্ষাকর্মী ফিরেছেন আগের পদে।

যদিও স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, যাঁদের এখন যে স্কুলে পোস্টিং দেওয়া হয়েছে, তা বাধ্য হয়ে। কারণ আগের স্কুলে বিষয়ভিত্তিক শূন্যপদ, লিঙ্গভিত্তিক পদ, ক্যাটাগরি, বা মাধ্যমের মিল নেই। ফলে সেই স্কুলে পুনর্বহাল করা সম্ভব নয়। তবে শিক্ষক সংগঠনগুলির বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাঁদের দাবি, বারবার অনুরোধ সত্ত্বেও কাউন্সেলিংয়ের মাধ্যমে নিজ জেলায় পোস্টিংয়ের সুযোগ দেওয়া হয়নি। দফতরের দেরির ফলে আদালত অবমাননার মামলার খেসারত দিচ্ছেন শিক্ষকরা। এসএসসি (SSC) মামলায় জয় পেলেও দূরত্বের দুঃশ্চিন্তা এখন নতুন বাস্তবতা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole