Shah Rukh Khan: জন্মদিনে বাড়ির বাইরে নয়, ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ৬০তম জন্মদিনে আবারও ভক্তদের মন ভাঙল। প্রতি বছর এই দিনে ‘মন্নত’-এর সামনে সমুদ্রের ঢেউয়ের মতো ভিড় জমে যায়। সেই ভিড়ের মাঝে এক ঝলক দেখার আশায় দাঁড়িয়ে থাকেন হাজার হাজার মানুষ। কিন্তু এ বারও দেখা দিল না শাহরুখ খান (Shah Rukh Khan)। জন্মদিনে যে তিনি বারান্দায় এসে বা ছাদের উপর দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়বেন, সেই চিরচেনা দৃশ্য উধাও হল দ্বিতীয় বছরের মতো। কারণ একটাই নিরাপত্তা।

আরও পড়ুন:Subhashree Ganguly: ‘পর্দায় ইন্দিরা হলে কাঁপিয়ে দেবে’: শুভশ্রীর জন্মদিনে এক অকপট মূল্যায়ন

শনিবার রাত বারোটা থেকেই ‘মন্নত’-এর সামনে ভক্তদের মিছিল শুরু হয়ে গিয়েছিল। দেশ-বিদেশ থেকে অনেকে এসেছিলেন শুধুমাত্র জন্মদিনের রাতে শাহরুখ (Shah Rukh Khan)-কে এক ঝলক দেখার আশায়। কিন্তু রবিবার সন্ধ্যায় অভিনেতা নিজের সমাজমাধ্যমে জানিয়ে দিলেন, তিনি বাইরে বেরোতে পারবেন না। তাঁর স্পষ্ট কথা, প্রশাসনের পরামর্শ মেনে এবার জন্মদিনে বাইরে আসছেন না তিনি। লেখা ছিল, “যারা আমার জন্য অপেক্ষা করছেন, তাঁদের শুভেচ্ছাও জানাতে পারলাম না। আপনাদের সকলের কাছে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী। এত ভিড় সামলানো সম্ভব নয় এবং নিরাপত্তার কারণেই এমন পরামর্শ দেওয়া হয়েছে।” শাহরুখ (Shah Rukh Khan) আরও জানান, তাঁর বিশ্বাস ভক্তরা পরিস্থিতি বুঝবেন। তাঁর বার্তায় ছিল আবেগের ছোঁয়া—“আপনাদের দেখতে না পেয়ে খুব খারাপ লাগছে। আমিও অপেক্ষা করছিলাম আপনাদের সঙ্গে দেখা করার জন্য। ভেবেছিলাম ভালোবাসা ভাগ করে নেব আজ। আপনাদের সত্যিই খুব ভালোবাসি।”

বছর দুয়েক আগেও জন্মদিনের রাতে ‘মন্নত’-এর সামনে ছবি তুলতে ব্যস্ত থাকত ভক্তরা। তার মধ্যেই ছাদে এসে দুই হাত ছড়িয়ে শাহরুখ (Shah Rukh Khan) দিতেন তাঁর সিগনেচার পোজ়। সেই দৃশ্যই ছিল উৎসবের পরম্পরা। কিন্তু গত বছরই প্রথম সেই নিজস্ব জন্মদিনের অনুষ্ঠান বন্ধ করেন তিনি। নিরাপত্তাজনিত উদ্বেগই ছিল প্রধান কারণ। এ বছরও সেই সিদ্ধান্ত বজায় রইল। প্রশ্ন একটাই—এখন কি নতুন নিয়মের সূচনা হল? শাহরুখ (Shah Rukh Khan)-এর জনপ্রিয়তা বরং দিনে দিনে বাড়ছে। ভক্তদের ঢলও ততটাই প্রবল। ফলে প্রশাসনের চিন্তা আরও বাড়ছে। আপাতত জন্মদিনে কোনও জনসম্মুখে উপস্থিত না থেকেও তিনি নিজের মতো করে ভালোবাসার বার্তা পৌঁছে দিলেন অনুরাগীদের কাছে। তাঁদের অপেক্ষার মূল্য দিতে না পারায় আক্ষেপ রইল তাঁর, আর ভক্তদের মনেও ছায়া ফেলল হতাশার হাওয়া। তবে ভালোবাসার সম্পর্কটুকু অটুট থাকল আগের মতোই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole