নিউজ পোল ব্যুরো: নায়িকা, স্ত্রী, মা, শিল্পী শুভশ্রী (Subhashree Ganguly) যেন এক অবিরাম রূপান্তরের গল্প। জন্মদিনে তাঁকে নিয়ে লিখতে গিয়ে বারবার মনে পড়ে যায় সেই সব মুহূর্ত, যখন ব্যক্তিগতভাবে কাছে থেকে দেখেছি শুভশ্রীর (Subhashree Ganguly) সহজ, আন্তরিক, আর একেবারে আপন স্বভাব। আমাদের দলের বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গভীর বন্ধুত্বের সূত্রে তাঁর সঙ্গে বহুবার দেখা হয়েছে, আর সেই দেখাগুলোই এই নায়িকার বিভিন্ন দিক চিনতে সাহায্য করেছে।
নায়িকার ঘরোয়া রূপ কেমন? শুভশ্রীর (Subhashree Ganguly) ক্ষেত্রে উত্তরটি বিস্ময়করভাবে সহজ। পেশার কঠোর ছন্দ সামলেও তিনি বাড়িতে নিখুঁত বৌমা। শাশুড়িকে আগলে রাখা থেকে শুরু করে পরিবারের যে কোনও অনুষ্ঠানে একাগ্রভাবে অংশ নেওয়া—সব কিছুতেই এক অনায়াস উষ্ণতা। একবার ওদের হালিশহরের বাড়িতে পুজোর সময় দেখেছিলাম, কত অচেনা ভিড়ের মধ্যেও শুভ ঠিক শাশুড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। বৌমা যখন সত্যিই ‘মেয়ে’ হয়ে যায়, তখনই এমনটা ঘটে। মা হিসেবে শুভশ্রী (Subhashree Ganguly) আরও এক ধাপ উজ্জ্বল। আজকের বাচ্চাদের সামলানো সহজ নয়, তারা ক্ষণে ক্ষণে মনের কথা বুঝে নেয়। সেখানে মায়েরও বন্ধুর মতো হয়ে যেতে হয়। ইউভান আর ইয়ালিনিকে সেই ভাবেই সামলায় ও। শুটিং সেট থেকেও ওদের খবর নেয়, আর বাড়িতে থাকলে পুরোটা সময় নিবেদন করে সন্তানদের। এটিই নায়িকার নয়, মায়ের প্রকৃত পরিচয়।
স্ত্রী হিসেবে শুভশ্রীর (Subhashree Ganguly) উপস্থিতি রাজের জীবনে যে কতটা দৃঢ়, তা তাঁদের সম্পর্কের রাসায়নিক বন্ধন দেখলেই বোঝা যায়। ঝগড়া যদি হয়ও, তা নিজেদের মধ্যেই মিটিয়ে নেয়। বাইরে কখনও টের পাওয়া যায় না। এই পরিণত সমীকরণই তাঁদের সম্পর্ককে আরও সুন্দর করে তোলে।নায়িকা হিসেবে শুভশ্রী নিছক প্রতিভাবান নন, তিনি গভীরভাবে ‘ভার্সেটাইল’। জলের মতো সহজে চরিত্রে মিশে যেতে পারেন। সেটে একাগ্র আর শুটিং শেষে চারদিকে নজর রাখা—এই দুইয়ের মেলবন্ধনে জন্ম নেয় তাঁর চরিত্রগুলির সত্যতা। বহু দিন ধরে ওঁর নাট্যাভিনয় দেখার ইচ্ছে, বিশেষ করে ‘আনন্দ’ কিংবা ‘বসন্তবিলাপ’-এর কোনও মঞ্চরূপে যদি অভিষেক হয়। রাজনীতিতে তিনি কোনও দিন আসবেন কি না, সে প্রশ্নের উত্তর আজও অজানা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
