নিউজ পোল ব্যুরো: বছর দু’য়েক আগে শুরু হয়েছিল এক মিষ্টি প্রেমের ছবির কাজ। নাম ‘পাগলপ্রেমী’। পরিচালনায় অভিরূপ ঘোষ। নায়ক হিসাবে বড়পর্দায় আত্মপ্রকাশ করার কথা ছিল আদৃত রায়ে (Adrit Roy)। বিপরীতে সেই সময়ের নবাগত নায়িকা আর্যা রায় (Arjya Roy)। শুটিংও এগিয়েছিল বেশ দ্রুত, প্রায় আশি শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই অজানা কারণে থমকে যায় প্রকল্প। টলিপাড়ায় জোর গুঞ্জন উঠেছিল, ছবির ভাগ্য হয়তো আর খোলেনি।
আরও পড়ুন:UN Session: রাষ্ট্রসংঘের মঞ্চে এবার অনুপস্থিত মোদী, কূটনৈতিক বার্তা ট্রাম্পের উদ্দেশেই?
এরপর দুই বছর কেটে গেছে। হঠাৎ গত শুক্রবার সমাজমাধ্যমে ভাইরাল হলো ছবির কিছু দৃশ্য এবং গান। আদৃত (Adrit Roy) -আর্যার ঘনিষ্ঠ মুহূর্তে ভরপুর রোম্যান্টিক দৃশ্য যেন ফিরিয়ে আনল টলিউডের হিট ছবি ‘সইয়ারা’র (Saiyaara) স্মৃতি। আদৃতের অনুরাগীরা মুহূর্তে ক্লিপিংস ভাইরাল করে দেন। সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠল তাহলে কি অবশেষে মুক্তির পথে এসভিএফ প্রযোজিত এই ছবি? না হলে দু’বছর পুরোনো শুটিংয়ের ফুটেজ এখন হঠাৎ ফাঁস হলো কেন? এই প্রশ্ন নিয়েই যোগাযোগের চেষ্টা করা হয় পরিচালক অভিরূপ ঘোষ (Avirup Ghosh) এবং নায়ক আদৃত রায়ের সঙ্গে। তবে ফোনে সাড়া মেলেনি। অন্যদিকে, ছবিফাঁসকে ঘিরে আদৃত ভক্তরা ইতিমধ্যেই আশার আলো দেখছেন। তাঁদের যুক্তি সম্প্রতি শেষ হয়েছে আদৃতের জনপ্রিয় ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’। তাই এখন অভিনেতা হয়তো আবার অসমাপ্ত ছবির কাজে মন দিতে পারেন।
যদিও টলিপাড়ার একাংশ বলছে অন্য কথা। বছর দু’য়েক আগে কানাঘুষো শোনা গিয়েছিল, ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতার (Shrikanta Mohta) সঙ্গে আদৃতের (Adrit Roy) নাকি মনোমালিন্য তৈরি হয়েছিল। সেই কারণেই নাকি ছবির কয়েকটি গান এবং কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য অসমাপ্ত রেখেই পিছু হটেছিলেন আদৃত। ফলে ছবির কাজ আর এগোয়নি। তবে সময় নাকি সব ক্ষত মুছে দেয়। গত দু’বছরে অনেক কিছু বদলেছে। ফলে গুঞ্জন ছড়িয়েছে হয়তো প্রযোজক-নায়কের মধ্যে মতানৈক্য মিটে গিয়েছে। আর তার ফলেই ছবির ফাঁস হওয়া দৃশ্যই হতে পারে মুক্তির পূর্বাভাস। প্রশ্ন একটাই আদৃত-আর্যার অসমাপ্ত প্রেমকাহিনি কি এ বার বড়পর্দায় সম্পূর্ণ হবে? নাকি আবারও রহস্যেই আচ্ছন্ন থেকে যাবে ‘পাগলপ্রেমী’র ভাগ্য? উত্তর দেবে সময়ই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
